Hooghly Rathyatra: “জয় জগন্নাথ! ৬২৯ বছরের ঐতিহ্যকে সসম্মানে বহন করে চলেছে মাহেশের রথযাত্রা, ভক্তির এক অপূর্ব মহোৎসব”

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোরের আবছা আলো, ধূপের গন্ধ, নামসংকীর্তনের সুরে মিশে গিয়েছে আকাশের বাতাস! আজ মাহেশ যেন রূপান্তরিত হয়েছে এক বিশাল তীর্থক্ষেত্রে। ৬২৯ বছরের ঐতিহ্যকে ধারণ করে মহিমায় উজ্জ্বল হুগলির মাহেশের (Hooghly Rathyatra) প্রভু জগন্নাথদেব (Jagannath), বলরাম এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আজ, দেশের অন্যতম প্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা (Hooghly Rathyatra) হিসেবে।

আরও পড়ুন: Election Commission: ভারতের রাজনীতিতে শুদ্ধিকরণ অভিযান! এক ধাক্কায় ৩৪৫টি ‘নিষ্ক্রিয়’ দলের ছাঁটাই করল নির্বাচন কমিশন

দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন ভোর না হতেই, কেউ এসেছেন আত্মীয়র বাড়ি, কেউ এসেছেন দিনের আলো ফোটার আগেই মন্দির দর্শনে (Hooghly Rathyatra)। মন্দির চত্বরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়, চাতালে বসেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাদের বাল্যভোগ নিবেদন ও মহাপূজার মাধ্যমে শুরু হয়েছে দিনের আচার অনুষ্ঠান।

দুপুর পর্যন্ত চলবে বিগ্রহ দর্শন, তারপর দেবতাদের স্থানান্তর করা হবে সেই ঐতিহাসিক লোহার সুউচ্চ রথে। বিকেল চারটের পর ধ্বনিত হবে “জয় জগন্নাথ” (Jay Jagannath), অগণিত মানুষের সম্মিলিত টানে রথ চলবে মাসির বাড়ির দিকে। এই মহাযাত্রা যেন প্রতিটি ভক্তের হৃদয়ে নবজীবনের বার্তা দেয়। মাহেশের (Mahesh) রথ শুধু আচার অনুষ্ঠান নয়, এটি এক ভক্তির উৎসব যেখানে মিশে থাকে সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের নিবিড় আস্থা। স্নানপিরি মাঠে শুরু হয়েছে রথের মেলা, এক মাস ধরে চলবে এই উৎসব। পাপড়, জিলিপি, খেলনার দোকানে উপচে পড়া ভিড় যেন জানান দেয় এই রথযাত্রা কেবল ধর্মীয় নয়, সামাজিক মিলনেরও প্রতীক।

প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ২০০০ পুলিশকর্মী, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ পূর্ণ প্রস্তুতি রয়েছে। মাহেশ আজ পরিণত হয়েছে এক ঐশ্বরিক ভুবনে, যেখানে প্রতিটি ধ্বনি, প্রতিটি পদচারণা একটিই কথা বলে, “জয় জগন্নাথ!”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT