নিউজ পোল ব্যুরো: গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে যে সব সব্জি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা, তার মধ্যে লাউ (Bottle Gourd) অন্যতম। লাউয়ে জলের পরিমাণ বেশি হওয়ায় এটি শরীরকে ঠান্ডা রাখে এবং হজমের জন্যও উপকারী। সাধারণত লাউ দিয়ে ডাল, ঘণ্ট কিংবা তরকারি রান্না করা হয়। তবে একই ধরনের রান্না খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই লাউ দিয়ে একটু ভিন্ন স্বাদের রান্না করতে চাইলে বানিয়ে দেখতে পারেন ‘তিলমোহিনী’। সাদা তিল, লাউ আর বড়ির সংমিশ্রণে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।
আরও পড়ুন:Narendra Modi: রান্নার গ্যাস নেই বাংলার ঘরে, মোদির মুখে কুলুপ! সিলিন্ডার ভরা বিজেপি ক্যাম্পে
এই রান্নার বিশেষত্ব হল এর সহজ উপকরণ এবং ঘরোয়া স্বাদ। খুব বেশি মশলা লাগে না, অথচ স্বাদে থাকে আলাদা এক মাত্রা। বিশেষ করে সাদা তিল এই রান্নায় একটি আলাদা সুবাস ও স্বাদ এনে দেয়।
উপকরণ:
একটি ছোট লাউ, ১০-১২টি বড়ি, ৪-৫ টেবিল চামচ সাদা তিল, সর্ষের তেল, ২-৩টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, ১ চা-চামচ জিরে, এক ইঞ্চি আদাবাটা, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ৪-৫টি কাঁচালঙ্কা, স্বাদমতো নুন এবং ১-২ টেবিল চামচ চিনি।
প্রণালী:
প্রথমে লাউটি (Bottle Gourd) ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিন। অন্য দিকে একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে বড়িগুলি ভেজে তুলে রাখুন। ভাজা বড়ি হালকা করে ভেঙে নিলেই ভালো।
এর পর একই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিন। ফোড়নের সুবাস বেরোতে শুরু করলে তাতে আদাবাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা একটু কষানো হয়ে গেলে কাটা লাউ কড়াইয়ে দিয়ে দিন। তার সঙ্গে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা নাড়াচাড়া করুন। এরপর কয়েকটি কাঁচালঙ্কা দিয়ে আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন।
লাউ রান্না হওয়ার সময় আলাদা করে সাদা তিল শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিন। তারপর সেই তিলের সঙ্গে কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন।
কড়াইয়ের লাউ নরম হয়ে এলে তাতে স্বাদমতো চিনি মিশিয়ে দিন। এই রান্নায় হালকা মিষ্টি স্বাদ থাকলে বেশি ভালো লাগে। এরপর তিলের বাটা কড়াইয়ে দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন।
শেষে ভাজা বড়ি ছড়িয়ে দিয়ে আরও দু’মিনিট ঢেকে রাখুন, যাতে সব উপকরণের স্বাদ একসঙ্গে মিশে যায়। তাহলেই তৈরি হয়ে যাবে লাউয়ের সুস্বাদু ‘তিলমোহিনী’। গরম ভাতের সঙ্গে এই পদ খেলে স্বাদে যেমন ভিন্নতা আসবে, তেমনি শরীরের পক্ষেও হবে উপকারী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
