নিউজ পোল ব্যুরো: ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড়দের দল বদল কোনও নতুন ব্যাপার নয়। কখনও দলের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় আবার কখনও অন্য কোনও দলের থেকে ভালো অর্থের প্রস্তাব পাওয়ায়, আর কেউ চান মাঠে বেশি সময় খেলার সুযোগ—ম্যাচ টাইম। নানা কারণ থাকে। কিন্তু এবার আরও এক কারণ জানা গেল দল বদলের। অনেক তারকারাই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ (Premier League) ছেড়েছেন তাদের স্ত্রীদের জন্য!
এক আইরিশ সংবাদমাধ্যম দ্বারা জানা গেছে ইংল্যান্ডের জীবনযাপন নাকি বিদেশি ফুটবলারদের স্ত্রী বা প্রেমিকাদের দিন দিন বেশি কঠিন মনে হচ্ছে! আর এই কারণেই তাঁরা তাঁদের সঙ্গীদের অন্য কোনো দেশে গিয়ে খেলার জন্য উৎসাহিত করছেন।
আরও পড়ুন: Kabaddi World Cup : কবাডিতেও বিশ্ব সেরা ভারতের মেয়েরা
এই বিশেষ পরিস্থিতি সামলাতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখন বিশেষ ‘কেয়ার টিম’ (Care Team) বা সহায়তা–দল নিয়োগ দিচ্ছে। তাদের কাজ খেলোয়াড়দের স্ত্রী বা প্রেমিকাদের ইংল্যান্ডের পরিবেশে খাপ খাইয়ে নিতে সাহায্য করা।

খেলোয়াড়দের ‘কেয়ার এক্সপার্ট’ (Care Expert) ইংল্যান্ডের হুগো শেকটার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন দেশে মানিয়ে নেওয়া এমনিতেই কঠিন হতে পারে। কিন্তু আমরা এখন এটাকে একটা বড় সমস্যা হিসেবে দেখছি। খেলোয়াড়েরা হয়তো সুখে আছেন, কিন্তু তাঁদের স্ত্রী বা সঙ্গীরা সুখে নেই। আর এ কারণেই খেলোয়াড়েরা হয়তো ইংল্যান্ড ছেড়ে যেতে চাইছেন, নয়তো অন্তত সেই চিন্তা শুরু করেছেন। এটা ক্লাবগুলোর জন্য বড় সমস্যার।’
ইংল্যান্ডের জীবনযাপন অপছন্দ হওয়ার বিষয়টি এর আগেও বেশ কিছু ফুটবলার ও তাঁদের স্ত্রী বা বান্ধবীরা এই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সাম্প্রতিক কালে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলেন জর্জেলিনা কারদাসো (Jorgelina Cardoso), যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্র্যাক্তন উইঙ্গার অ্যানজেলো দি মারিয়ার (Ángel Di María) স্ত্রী। কারদাসো এক সাক্ষাৎকারে ইংল্যান্ডে থাকার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে এনেছেন। ইংল্যান্ডের জীবনযাপন তার অপছন্দ।

সেই সাক্ষাৎকারে তিনি জানান, ইংল্যান্ডের খাবার খুব খারাপ। আর সেখানে থাকার সময় তিনি এতটাই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন যে তাঁর ‘নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করত’। কারণ, তাঁর মনে হতো সেখানে ‘বেলা ২টাতেই রাত নেমে গেছে’!
তিনি আরও বলেন, ‘একদিন অ্যানজেলো আমাকে এসে বলল, ‘‘দেখো, ম্যানচেস্টার ইউনাইটেডের অফার।’’ আমি যেতে চাইনি, বলেছিলাম—তুমি একাই যাও। সে বলল, ‘‘চলো দুজনই যাই।’’ অফারটা ছিল অনেক বড়, স্প্যানিশ ক্লাবগুলোর চেয়ে অনেক বেশি অর্থের। তাই আমরা গেলাম।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
দি মারিয়া ২০১৪ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। তখনকার সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফারগুলোর মধ্যে একটি। কিন্তু ইংল্যান্ডে অত্যন্ত হতাশাজনক একটি মরসুম কাটিয়ে মাত্র ১১ মাসের মাথায় ক্লাব তাঁকে কম দামে বিক্রি করে দেয়।
এরপর ২০২২ সালের অক্টোবর মাসে ম্যানচেস্টার সিটির তখনকার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানের স্ত্রী সারা আরফাউইও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তিনি শহরের খাবার নিয়ে তীব্র সমালোচনা করেন, যা প্রায় কারদাসোর অভিযোগের মতোই।
