স্মৃতির পাতা থেকে ২০৪৭-এর অগ্রগতির পথে! ২৫ বছরের প্রশাসনিক সফর পূর্তিতে মোদির ‘We Will Do It’ ডাক, দেশকে নতুন লক্ষ্যে এগোনোর বার্তা

breakingnews দেশ প্রযুক্তি রাজনীতি

নিউজপোল ব্যুরো: ২৫ বছরের প্রশাসনিক সফরের মাইলফলকে বুধবার নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ‘সেবা জ্যোতি’ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের কথা স্মরণ করেন তিনি। মোদি বলেন, সেই সময় তিনি ভাবেননি যে একদিন এই দীর্ঘ পথচলার এমন একটি মাইলফলকে পৌঁছবেন। তাঁর বক্তব্যে উঠে আসে ২০৪৭-এর ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য এবং নতুন স্লোগান—‘We Will Do It’। ভাষণের শুরুতেই নিজের ২৫ বছরের অভিজ্ঞতা এবং দেশবাসীর আস্থার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই দিন শুধুমাত্র অতীত ফিরে দেখার জন্য নয়, বরং আগামী দিনের সংকল্পকে আরও শক্তিশালী করার সময়। ১৪০ কোটি ভারতীয়র উপর তাঁর বিশ্বাসের কথাও বলেন তিনি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দেন মোদি।

মোদি বলেন, তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি ঘটনা তাঁকে নতুন কিছু শিখিয়েছে। ভুজের ভূমিকম্প থেকে পুনর্গঠনের সংকল্প এবং কোভিড পর্ব থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে তিনি জানান, কঠিন সময় তাঁকে আরও দৃঢ় থাকতে শিখিয়েছে। একইসঙ্গে নিজেকে এবং তাঁর সঙ্গে কাজ করা কর্মী-সমর্থকদের ‘মানবতার সেবক’ হিসেবে উল্লেখ করে দিন-দুঃখীদের পাশে থাকার কথা বলেন। পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে এই কর্মসূচি। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘সেবা জ্যোতি যাত্রা’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। শুভেন্দু বলেন, মোদি নিজেকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে দেখেন না, ‘প্রধান সেবক’ হিসেবে কাজ করেন।

২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রশাসনিক সফরেই গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদির ২৫ বছর পূর্ণ হল। এখন সামনে তাঁর ঘোষিত লক্ষ্য ২০৪৭-এর বিকশিত ভারত। সেই লক্ষ্যেই এদিনের ভাষণের শেষ সুর—‘We Will Do It’।