উৎসবের আগেই EMI-র ধাক্কা! RBI-এর সিদ্ধান্তে মাসে কত টাকা বেশি গুনতে হবে?

আইন দেশ

নিউজপোল ব্যুরো:  উৎসবের মরশুম শুরুর আগেই মধ্যবিত্তের জন্য এল বাড়তি খরচের আশঙ্কা। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এর ফলে রেপো রেট বেড়ে হয়েছে ৫.৫ শতাংশ। আর তার প্রভাব পড়তে পারে গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ফ্লোটিং রেটের ঋণে।

রেপো রেট হল সেই সুদের হার, যে হারে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এই হার বাড়লে ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচও বেড়ে যায়। সেই বাড়তি খরচের প্রভাব অনেক সময় গ্রাহকদের উপরও পড়ে। ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্যান্য ফ্লোটিং রেটের ঋণের সুদ বাড়তে পারে। আর সুদের হার বাড়লে স্বাভাবিকভাবেই বাড়তে পারে মাসিক EMI-এর পরিমাণ।

BankBazaar-এর CEO এ শেট্টির হিসাব অনুযায়ী, ২৫ বছরের জন্য ৫০ লক্ষ টাকা গৃহঋণ নেওয়া থাকলে এবং সুদের হার ৭.৫ শতাংশ হলে এতদিন মাসিক EMI ছিল প্রায় ৩৬,৯৫০ টাকা। সুদের হার বৃদ্ধির পর একই মেয়াদে EMI প্রায় ৮১৭ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ মাসে দিতে হতে পারে প্রায় ৩৭,৭৬৭ টাকা। দীর্ঘ মেয়াদে এর ফলে অতিরিক্ত সুদের বোঝাও বাড়বে।

শুধু গৃহঋণ নয়, গাড়ির ঋণেও প্রভাব পড়তে পারে। ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা গাড়ির ঋণ নিলে ৯ শতাংশ সুদে EMI ছিল প্রায় ২০,৭৫৮ টাকা। সুদ ৯.২৫ শতাংশ হলে তা বেড়ে প্রায় ২০,৮৮০ টাকা হতে পারে।

তবে বাস্তবে EMI কতটা বাড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ঋণের শর্ত, সুদের হার এবং ঋণের মেয়াদের উপর।