ভোটের ময়দান থেকে এবার বিদায়ের সুর হুমায়ুনের! কিন্তু চোখে জল, মুখে আগুন নিয়ে বার্তা দিলেন—“বাবরি মসজিদ আমি করবই…”

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রেজিনগর বিধানসভা উপনির্বাচনের পরেই একেবারে অন্য মেজাজে দেখা গেল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললেন তিনি। রেজিনগরের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন হুমায়ুন। রেজিনগরের বিধায়ক হিসেবে মানুষের কাছে ক্ষমাও চান হুমায়ুন। তাঁর বক্তব্য, কয়েক মাস আগে যে মানুষ তাঁকে ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, তাঁদের সেই মর্যাদা তিনি ধরে রাখতে পারেননি। সেই ব্যর্থতার জন্য রেজিনগরের সর্বস্তরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। এরপরই জানান, আগামী দিনে রাজনীতির সমস্ত কিছু থেকে সরে দাঁড়াতে চান তিনি।

হুমায়ুনের দাবি, শুভেন্দু অধিকারী যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তিনি আর বিধানসভায় যাবেন না। একইসঙ্গে রেজিনগরের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করে এলাকাকে একটি ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি। নির্বাচনের আগে রেজিনগরে হাসপাতাল, সেতু, কলেজ-সহ একাধিক উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক প্রচারও হয়েছিল। তবে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেও বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে বিস্ফোরক ঘোষণা করলেন হুমায়ুন। তাঁর দাবি, ট্রাস্টের মাধ্যমে আইন মেনে ওই নির্মাণ করা হবে। আদালতের কোনও স্থগিতাদেশ বা আইনি বাধা না থাকলে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এর আগেও মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে তাঁর অবস্থান প্রকাশ্যে এসেছে।

রেজিনগর উপনির্বাচনের দিন হুমায়ুনকে পুলিশের সঙ্গে বচসার পর আটক করার ঘটনাও সামনে এসেছিল। ভোটের পরদিন তাঁর কান্না, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতিতে ফের চড়েছে উত্তেজনার পারদ।