Abhishek Banerjee: “গাফিলতি করলে দল-মানুষ কেউই ক্ষমা করবে না”, এসআইআর-এর শেষ ধাপে কড়া বার্তা অভিষেকের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর-এর (SIR) শেষ ধাপে তৃণমূল কংগ্রেসকে (TMC) আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভারচুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন। তার স্পষ্ট বক্তব্য, “এই সময় কাজে কোনও গাফিলতি চলবে না। দলও ক্ষমা করবে না, মানুষও নয়।”

আরও পড়ুন: Delhi : বাংলার ‘মা ক্যান্টিন’ মডেলেই পথ চলা দিল্লির, সুলভ খাবারের উদ্যোগে রাজ্যের সাফল্য দেশের নজর কাড়ল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে তৃণমূলের অভিযোগ, পুরো প্রক্রিয়াটাই কেন্দ্রীয় শাসকদলের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তবু এর মধ্যেই সাধারণ মানুষের জন্য যাতে কোনওরকম অসুবিধা তৈরি না হয়, সেই উদ্দেশ্যে দলকে মাঠে নামানো হয়েছে এই বার্তাই শীর্ষ নেতৃত্ব বারবার জানিয়েছেন।

এই প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠকে অভিষেক জানিয়ে দেন, শেষ ধাপকে সফল করতে মন্ত্রী ও বিধায়কদের নির্দিষ্ট দায়িত্ব বেধে দেওয়া হচ্ছে। নির্দেশ স্পষ্ট—“২৬ থেকে ৩০ এবং ১ থেকে ৪… টিম তৈরি করে সরাসরি জেলায় চলে যেতে হবে। কাজ না সেরে ফেরা নয়। ওয়ার রুমে নিয়মিত নজরদারি বাড়াতে হবে।” তিনি আরও জানান, ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো অগ্রগতির রিপোর্ট জমা দেওয়া হবে।

বিগত রিপোর্টে উঠে এসেছে, দলের প্রায় ৩৫ শতাংশ BLA-2 এখনও কমিশনের নথিতে অন্তর্ভুক্ত হয়নি। এই তথ্য সামনে আসতেই শাসকশিবির আরও সতর্ক। অভিষেক নির্দেশ দেন,“ওয়ার রুম থেকে ফোন করিয়ে প্রত্যেক BLA-2-কে সক্রিয় করতে হবে। ১০০% ফর্ম জমা এবং রেজিস্ট্রেশন—দুটোতেই কোনও ছেদ চলবে না। মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ায় প্রত্যেক বিধায়ককে অন্তত ১৫ জন করে BLA-2-কে ফোন করে যোগাযোগ নিশ্চিত করতে হবে।”

কোথায় কী গতি, তাও খোলাখুলি জানান অভিষেক। তার কথায়, “কোচবিহারের পরিস্থিতি উদ্বেগজনক। ব্যক্তিগত মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু সংগঠনের লড়াইয়ে সবাইকে এককাট্টা থাকতে হবে। বহু জায়গায় ভোট রক্ষা শিবির ঠিক মতো হয়নি, নজরদারি কম এগুলো আর চলবে না। প্রতিটি বুথে দুইটি করে জনসভা এবং সক্রিয় কর্মসূচি প্রয়োজন।”

পারফরম্যান্সভিত্তিক দায়িত্ব নীতি অনুযায়ী ইতিমধ্যেই দলে সাংগঠনিক রদবদল হয়েছে। এবার সেই নীতি আরও কঠোরভাবে প্রয়োগ হবে বলে ইঙ্গিত দেন অভিষেক। পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, হলদিয়া, নন্দকুমার-সহ বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্তদের কাজের অগ্রগতি শূন্যের কোঠায়। অভিষেক স্পষ্ট সতর্কবার্তা দেন, “দু’দিনের মধ্যে লক্ষ্য পূরণ না হলে দায়িত্ব সরাসরি বদল করা হবে। গাফিলতি বরদাস্ত নয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole