নিউজপোল ব্যুরো:-মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বৃহস্পতিবার টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, রত্না ঘোষাল, পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ-সহ টলিউডের একাধিক বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী।
তবে এদিনের অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে মুখ্যমন্ত্রীর একটি সিদ্ধান্ত। প্রথা অনুযায়ী প্রথমে তাঁরই মাল্যদান করার কথা ছিল। কিন্তু মহানায়কের দীর্ঘদিনের সহকর্মী এবং ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিককে আগে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ওঁর হাত দিয়েই সূচনা হওয়া উচিত।” এরপর মহানায়কের মূর্তিতে প্রথম মালা দেন রঞ্জিত মল্লিক।
আরও দেখুন :–ফরাক্কায় রেললাইনে ধস, বিপর্যস্ত দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ
উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং চলচ্চিত্র উৎসবের আয়োজন থাকবে। উত্তমমঞ্চ নতুন করে সাজানোর পাশাপাশি নিউটাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাসও হবে।
নন্দন-এ সত্যজিৎ রায়ের ‘নায়ক’ দিয়ে শুরু হবে ‘উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল’। ভারতীয় ডাক বিভাগও মহানায়কের স্মরণে বিশেষ খাম ও ডাকটিকিট প্রকাশ করবে। শহরজুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জন্মশতবর্ষে ফের স্মরণ করা হবে বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়ককে।
