টানা প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ। রেল সূত্রে খবর, ফরাক্কা ব্যারেজে ঢোকার ঠিক আগে আপ লাইনের একটি অংশে মাটি বসে যায়। এর জেরে হাওড়া-মালদহ ডিভিশনে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে।
প্রাথমিক ভাবে রেলের ইঞ্জিনিয়ারদের অনুমান, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে রেললাইনের নীচের মাটি অতিরিক্ত নরম হয়ে যাওয়াতেই এই ধস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও রক্ষণাবেক্ষণকারী দলের সদস্যরা। নিরাপত্তার কথা মাথায় রেখে আপ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দ্রুত শুরু হয় ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ।
আরও দেখুন :-‘বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে’, ক্যামাক-কাণ্ডে বিস্ফোরক অভিষেক
ধসের জেরে দার্জিলিং মেল, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন মাঝপথে আটকে পড়ে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। মেরামতির পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর চেষ্টাও করা হয়।
ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। লাগাতার বৃষ্টির কারণে আশপাশের রেলপথের নিরাপত্তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
