ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ একদল দুষ্কৃতী অফিসে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ তৃণমূলের। অফিসের কর্মীদের মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও উঠেছে।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বিজেপিকে সরাসরি নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা’জোর করে অফিসে ঢুকে হামলা চালিয়েছে। বারবার ফোন ও ই-মেল করে পুলিশকে জানানো হলেও প্রায় দু’ঘণ্টা কোনও সাড়া মেলেনি বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ঘটনাকে ‘রাজনৈতিক গুন্ডামি’ বলেও আক্রমণ করেন তিনি।
অভিষেকের পোস্টের পর ক্যামাক স্ট্রিটে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, এই ঘটনায় দলের কেউ জড়িত নয়। তাঁর পাল্টা অভিযোগ, গোটা ঘটনাটি সাজানো হতে পারে।
কয়েকদিন আগেই একই অফিসের হোর্ডিং ঘিরে পুলিশ ও তৃণমূলের মধ্যে সংঘাত হয়েছিল। তার পরেই নতুন করে হামলার অভিযোগে ক্যামাক স্ট্রিটের ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।
