নিউজ পোল ব্যুরো: বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে ইমন চক্রবর্তী বহু দিন ধরেই পরিচিত নাম। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক গান সব ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র কণ্ঠ ও সংগীতবোধের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত। ছাত্রজীবনে ছিলেন এসএফআই–এ সক্রিয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী হিসেবেই তার প্রথম সারির পরিচিতি। কিন্তু সময়ের নদী যেমন সবকিছু বদলে দেয়, ইমনের (Iman Chakraborty) ভাবনাও তেমনই বদলেছে আর সেই পরিবর্তনেই জন্ম নিচ্ছে নতুন নতুন আলোচনার। সাম্প্রতিক সময়ে টলিপাড়ায় ছড়িয়েছিল জোর কানাঘুষো ইমন নাকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়তে পারেন! প্রথমে সেই খবর উড়িয়ে দিলেও মঙ্গলবার নবান্নের এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি ফের জল্পনার আগুনে ঘি ঢেলেছে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করেন।
আরও পড়ুন: Mamata Banerjee: এসআইআর আতঙ্কে মৃত্যু-মিছিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকার সাহায্য মুখ্যমন্ত্রীর
তিনি (Mamata Banerjee) জানান, বাংলার উন্নয়নকে ছয়টি ভাষায় তুলে ধরা হয়েছে এবং এই উপলক্ষ্যে একটি বিশেষ গানও তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আগে আমাদের মা–বোনেরা পাঁচালি গাইতেন। সেই ঐতিহ্যকে আমরা নতুনভাবে ফিরিয়ে আনলাম। ইমন এই গানটি করেছে।”এরপরেই শুরু হয় সেই বহুলচর্চিত পাঁচালি। ইমনের কণ্ঠে, “বলতে এসেছি কথা উন্নয়নের… এই উন্নয়ন আজ মানুষের সম্মান।” কীর্তনিয়া সুরে বোনা এই গানে মমতার সরকারের দীর্ঘদিনের কাজের প্রশংসাই যেন প্রতিধ্বনিত হয়। গান শেষ হতেই স্পষ্ট বোঝা যায়, মুখ্যমন্ত্রী আপ্লুত। দু’হাত জোড় করে বারবার বলেন, “দারুণ! অসাধারণ! যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এল।” এরপর মঞ্চে দাঁড়িয়ে সবাইকে ইমনকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিতে বলেন তিনি।
শুধু সুরেই নয়, সম্বর্ধনাতেও ছিল উচ্ছ্বাসের ছাপ উত্তরীয় পরিয়ে ইমনকে সম্মান জানান শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। আর এখানেই আবার ওঠে সেই বড় প্রশ্ন, তবে কি সত্যিই রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ইমন? কালীপুজোর সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে ইমনের উপস্থিতি নিয়েও আগেই গুঞ্জন তৈরি হয়েছিল। তবে শিল্পী জানিয়ে দেন, রাজনীতি নিয়ে এখনই তাঁর কোনও সিদ্ধান্ত নেই। তার স্পষ্ট বক্তব্য, “দিদি আমার গান ভীষণ ভালোবাসেন, শ্রোতা হিসেবে তার সেই স্নেহটাই আমার পাওয়া। কোনও প্রস্তাব এলে নিশ্চয়ই ভাবব, আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে কিছুই আসেনি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
