আরজি কর সৎকারকাণ্ডে গ্রেফতার বেঙ্গালুরু থেকে ধৃত পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে

breakingnews রাজনীতি রাজ্য

আরজি কর কাণ্ডের সৎকার-পর্বে তড়িঘড়ি দেহ দাহ এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরু থেকে রাজ্য পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর দেহ পানিহাটির বাড়িতে নিয়ে আসা এবং পরবর্তী সময়ে দ্রুত সৎকারের প্রক্রিয়ায় সোমনাথ দে-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মৃতার পরিবারের অভিযোগ, প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি তড়িঘড়ি সৎকারের ব্যবস্থা করেছিলেন। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলেও অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে সোমনাথের বেঙ্গালুরুতে অবস্থানের খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। এরপর খড়দহ থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কার নির্দেশে ওই সময় এত দ্রুত সৎকারের ব্যবস্থা করা হয়েছিল এবং এই ঘটনায় আরও কারও ভূমিকা ছিল কি না, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এর আগে একই অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে।