নিউজ পোল ব্যুরোঃ রবিবার রাতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হয়েছে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম কমেনি। সেই সঙ্গেই বেশ কিছু জায়গাতে এখনও জমা জল বেশ ভোগাচ্ছে। নিম্নচাপ সরলেও ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জন্য চলতি সপ্তাহের গোটাটা জুড়েই চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে এই দুই জোড়া ফলার জন্য কোথাও কম বা কোথাও বেশি বৃষ্টি হবে। গোটা সপ্তাহ জুড়ে কোথায় কতটা বৃষ্টি হবে, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস (Wheater Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর মৌসুমীরেখা অবস্থান ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ সোমবার থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ২৯ ও ৩০ জুলাই মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। । মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া নিয়ে (Wheater Update) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। কালিম্পং, কোচবিহার, দার্জিলিংএ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধ থেকে শনি পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
