Election Commission: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ! নবান্নের আপত্তিতেও কাজ হলো না, ভিন রাজ্যে ভোটের ডিউটিতে যেতেই হচ্ছে শীর্ষ কর্তাদের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভিন রাজ্যে এসআইআর (SIR) -সংক্রান্ত পর্যবেক্ষক নিয়োগকে ঘিরে রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সংঘাত আরও তীব্র হলো। রাজ্যের পাঠানো সংশোধিত অফিসার তালিকা খারিজ করে কমিশন আগের সিদ্ধান্তেই অনড় রইল। বুধবার একটি ই-মেল মারফত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, আগেই নির্ধারিত ১০ জন আইএএস ও আইপিএস আধিকারিকের তালিকাই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুন: Humayun Kabir: সিপিএম-কংগ্রেসকে শাসকের আসনে ফেরানোর চ্যালেঞ্জ! এবার ‘হেলিকপ্টার-টোপ’ দিলেন হুমায়ুন

এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য নাম স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা। তাঁর পাশাপাশি রয়েছেন দুইজন পুলিশ কমিশনারও। তালিকায় রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল ও শুভাঞ্জন দাসের নাম। রাজ্য সরকারের তরফে কমিশনের (Election Commission) কাছে আবেদন জানানো হয়েছিল, সংশ্লিষ্ট আধিকারিকরা অত্যন্ত সিনিয়র পদমর্যাদার হওয়ায় তাঁদের পরিবর্তে অপেক্ষাকৃত জুনিয়র অফিসারদের পাঠানোর অনুমতি দেওয়া হোক। তবে কমিশন সেই প্রস্তাবে সায় না দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নির্ধারিত তালিকাই বহাল থাকবে।

উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মোট ২৫ জন সিনিয়র আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরেই রাজ্য ও কমিশনের মধ্যে মতবিরোধ শুরু হয়। রাজ্যের পাল্টা প্রস্তাব ও তা খারিজ হয়ে যাওয়ার ঘটনায় এসআইআর প্রক্রিয়ায় রাজ্য-কমিশন দ্বন্দ্ব আরও স্পষ্ট হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হতে চলেছে এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ। কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যবেক্ষকদের জন্য বিশেষ ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত আইএএস-আইপিএস স্তরের আধিকারিকদের পর্যবেক্ষক হিসেবে পাঠানো কমিশনের (Election Commission) নিয়মের মধ্যেই পড়ে। তবে স্বরাষ্ট্রসচিব বা পুলিশ কমিশনার স্তরের আধিকারিকদের ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নজির খুব একটা দেখা যায় না এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole