নিউজ পোল ব্যুরো: জোট রাজনীতিতে হেলিকপ্টারকে হাতিয়ার করে নতুন বিতর্ক উসকে দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর (Humayun Kabir) বক্তব্য, যাঁরা তাঁর জোটে আসবেন, তাঁদের জন্য হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারের ব্যবস্থাও থাকবে। তবে এই বিপুল খরচ কে বহন করবে এই প্রশ্নে রহস্য বাড়িয়ে হুমায়ুন বলেন, “লাগলে টাকা দেবে গৌরী সেন।” কিন্তু এই ‘গৌরী সেন’ আদৌ কে বিজেপি, কোনও কর্পোরেট শক্তি না অন্য কেউ তা স্পষ্ট করেননি তিনি। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাবের মূল লক্ষ্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এই আবহেই হুমায়ুনকে (Humayun Kabir) কেন্দ্র করে সিপিএমের অন্দরেও শুরু হয়েছে চাপানউতোর। ইঙ্গিতে সেলিমকে নিশানা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এক ফেসবুক পোস্টে তীব্র আক্রমণ শানিয়েছেন হুমায়ুনের বিরুদ্ধে। এর আগে হুমায়ুন মন্তব্য করেছিলেন, সেলিম ভালো নেতা হলেও সুজন ভোটে জিততে পারেন না। সেই মন্তব্যের পালটা জবাবে সুজন বলেন, “সেলিম আমাদের দলের রাজ্য সম্পাদক তিনি ভালো, সেটা কোনও বাইরের সার্টিফিকেটে প্রমাণ করার দরকার নেই।” পাশাপাশি তিনি হুমায়ুনের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে বলেন, বারবার দল বদল করা বা বিভাজনের রাজনীতি করা নেতাদের কথায় বামেদের চলার দরকার নেই।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই কলকাতার এক পাঁচতারা হোটেলে হুমায়ুন ও সেলিমের দীর্ঘ বৈঠক ঘিরে সিপিএমে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই বৈঠকের বিরোধিতা করেছিলেন সুজন চক্রবর্তী। এবার তাঁর মন্তব্যে সেই বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠল।
এর মধ্যেই হুমায়ুন কবীর ফের দাবি করেছেন, তিনি দু’মাস ধরে হেলিকপ্টারে প্রচার চালাবেন এবং জোট প্রার্থীদের পক্ষেও মাঠে নামবেন। তাঁর কথায়, “সিপিএম-কংগ্রেস যদি আমার সঙ্গে আসে, ভবিষ্যতে তারাই শাসকদল হবে।” বেলডাঙায় স্থায়ী হেলিপ্যাড তৈরির কথাও জানিয়েছেন তিনি।
এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, “হেলিকপ্টারের লোভ দেখিয়ে জোট বানানোর চেষ্টা চলছে। দেখা যাক, লোভে পড়ে কে কোথায় যান।” সব মিলিয়ে হেলিকপ্টার ঘিরে শুরু হওয়া এই রাজনৈতিক নাটক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
