PM Narendra Modi : শিলিগুড়িতে মোদীর অঘোষিত ‘রোড শো’, কনভয়ের মাঝেই অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়ার নজির

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়িতে অঘোষিতভাবে যেন এক বিশাল জনসমাগমে পরিণত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর (PM Narendra Modi)। শনিবার একের পর এক তিনটি নির্বাচনী জনসভা শেষ করে যখন তিনি শিলিগুড়িতে (Siliguri) পৌঁছান, তখন তার যাত্রাপথ ঘিরে তৈরি হয় এক অভিনব আবহ। বাগডোগরা বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে রাস্তাজুড়ে ভিড় জমায় সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যে সেই যাত্রাপথই যেন ‘রোড শো’-এর চেহারা নেয়। এই অঘোষিত রোড শোর মাঝেই ঘটে একটি মানবিক মুহূর্ত, যা সকলের নজর কাড়ে। প্রধানমন্ত্রীর কনভয়ের ঠিক পিছনে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। পরিস্থিতি বুঝে নিরাপত্তা ও প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই অ্যাম্বুল্যান্সটিকে রাস্তা ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর গাড়ির পাশ দিয়েই দ্রুত বেরিয়ে যায় জরুরি পরিষেবার সেই গাড়ি।

আরও পড়ুন: PM Narendra Modi : কাটোয়ার জনসমুদ্রই ‘৪ মে-র ট্রেলার’! তৃণমূলকে নিশানা করে হুংকার প্রধানমন্ত্রীর

শনিবারের এই সফরে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনটি বড় জনসভায় অংশ নেন। সেই কর্মসূচি শেষ করে তিনি রাতে শিলিগুড়িতেই অবস্থান করছেন। আগামীকাল শিলিগুড়ির কাওয়াখালির মাঠে তার আরও একটি গুরুত্বপূর্ণ জনসভা হওয়ার কথা রয়েছে। তার আগে শহরে পৌঁছনোর মুহূর্ত থেকেই নির্বাচনী আবহ যেন তুঙ্গে পৌঁছে যায়। স্থানীয় সূত্রে খবর , প্রধানমন্ত্রীর আসার খবর ছড়িয়ে পড়তেই রাস্তার দু’ধারে ভিড় জমতে শুরু করে। অনেকেই হাতে দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন, আবার অনেকেই শুধুমাত্র এক ঝলক দেখার আশায় অপেক্ষা করছিলেন। ফলে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথটাই উৎসবমুখর হয়ে ওঠে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে, এটি প্রথমবার নয়। এর আগেও ২০২৪ সালের ৯ মার্চ শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করতে এসে একই দৃশ্যের সাক্ষী থেকেছে শহর। সেবার বাগডোগরা থেকে কাওয়াখালি পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার রাস্তা পেরোতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল, শুধুমাত্র মানুষের ভিড়ের কারণে। এবারও সেই পুরনো ছবির পুনরাবৃত্তি দেখা গেল, যা স্পষ্ট করে দেয় নির্বাচনের আবহে শিলিগুড়ির গুরুত্ব কতটা বেড়েছে।