Mamata Banerjee: কুড়মালি বিতর্কে বিজেপিকে মোক্ষম জবাব, আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতির ঘোষণা মমতার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আদিবাসী ভোটব্যাঙ্ক এখন অন্যতম কেন্দ্রবিন্দু। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি ও কৌশল গ্রহণ করছে। একদিকে বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রামের জনসভা থেকে ঘোষণা করেছেন, পুনরায় ক্ষমতায় ফিরলে আদিবাসীদের সারি-সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে।

আগামী ২৩ এপ্রিল ঝাড়গ্রামের সমস্ত আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে জেলাজুড়ে জোরকদমে প্রচার চলছে। শনিবার ঝাড়গ্রামের জামদার সার্কাস ময়দানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমরা আবার সরকার গঠন করলে আদিবাসী সম্প্রদায়ের সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেব। এটা আমাদের অঙ্গীকার।” দীর্ঘদিন ধরে এই ধর্মীয় পরিচয়ের স্বীকৃতির দাবি (Mamata Banerjee) জানিয়ে আসছেন আদিবাসীরা।

আরও পড়ুন: Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী পদে কি শুভেন্দু? জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি

এদিকে, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিও বহুদিনের। রাজ্য সরকার ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল, তবে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিজেপির নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেন, তাদের সরকার গঠিত হলে এই দাবি পূরণ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রধান দলের এই পাল্টাপাল্টি ঘোষণার ফলে আদিবাসী ভোটারদের মধ্যে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে। নিজেদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় রক্ষার প্রশ্নে তারা কোন দিকে ঝুঁকবেন, সেটাই এখন নির্বাচনের বড় প্রশ্ন হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole