TMC: মোদীর আমলে শ্রমিক সম্মেলন বন্ধ, সংসদীয় কমিটিতে তৃণমূলের প্রশ্নে চাপে কেন্দ্র

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একবারও জাতীয় শ্রমিক সম্মেলন হয়নি। এই প্রশ্ন তুলে সংসদীয় কমিটিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার সংসদের শ্রম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যু ঘিরে প্রবল আলোচনা হয়। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর থেকে নিয়মিত যে জাতীয় শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে এসেছে, তা মোদীর আমলে কেন একবারও হচ্ছে না।

আরও পড়ুন: Zohran Mamdani: নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি, আলুর দম থেকে শুরু, সাধারণ মানুষের সঙ্গে সংযোগের প্রতীক

ঋতব্রতের তথ্য অনুযায়ী, ১৯৪২ সাল থেকে দেশে মোট ৪৬ বার শ্রমিক সম্মেলন হয়েছে। শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে অর্থাৎ প্রায় এক দশক কেটে গেলেও আর কোনও সম্মেলনের আয়োজন করেনি কেন্দ্র। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের সমস্যা, অধিকার ও বেতন কাঠামো নিয়ে যে ত্রিপাক্ষিক সংলাপের সুযোগ এই সম্মেলন দেয় সেটি এখন কার্যত অচল। “শ্রমিক, মালিক ও সরকার এই তিন পক্ষের মুখোমুখি আলোচনা ছাড়া প্রকৃত সমাধান সম্ভব নয়,” বলেই মন্তব্য করেন তৃণমূল (TMC) সাংসদ।

তৃণমূলের এই অবস্থানকে সমর্থন করে কংগ্রেস ও বাম দলগুলিও সরব হয়। বিরোধী দলের সদস্যরা একযোগে দাবি তোলেন, অবিলম্বে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের উদ্যোগে জাতীয় শ্রমিক সম্মেলনের আয়োজন করা হোক। তাদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য দাবি, সামাজিক নিরাপত্তা, বেতন বৈষম্য ও কাজের পরিবেশ নিয়ে যেভাবে কথাবার্তা হওয়া উচিত, তা বন্ধ হয়ে গেছে মোদি সরকারের আমলে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিব বন্দনা গুরনানি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। কেন এতদিন শ্রমিক সম্মেলন হচ্ছে না, সেই প্রশ্নে নির্দিষ্ট জবাব দেননি কেউ। সচিব জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, বিষয়টি পরে খতিয়ে দেখা হবে। এই উত্তরকে দায়সারা বলেই মনে করছে বিরোধী শিবির।

তবে স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, “শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে, মোদি সরকার শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যা আড়াল করতে চাইছে।”বিরোধীদের বক্তব্যে এক সুর মোদীর উন্নয়নের বুলি যতই জোরে শোনা যাক, বাস্তবে শ্রমিকদের স্বার্থই আজ সবচেয়ে অবহেলিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole