নিউজপোল ব্যুরো: বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই মাটির সঙ্গে নিবিড় বন্ধন গড়ে তুলেছে বেলাকোবার নবম শ্রেণির পড়ুয়া অরিত দত্তগুপ্ত। পড়াশোনার পাশাপাশি নিজের হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে। রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শপাড়ার বাসিন্দা অরিতের তৈরি দু’ফুট সাত ইঞ্চির প্রতিমার নাম ‘চাঁদের দুর্গা’। কিশোরের এই সৃষ্টিকে দেখতে ইতিমধ্যেই উৎসাহ দেখাচ্ছেন এলাকার মানুষ।
অরিতের শিল্পচর্চার শুরু ছোটবেলা থেকেই। কুমোরপাড়া থেকে মাটি সংগ্রহ করে পুতুল তৈরি করত সে। সেই শখই ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পসাধনায়। ২০২২ সালে মাত্র পাঁচ ইঞ্চির প্রতিমা তৈরি করে শুরু হয়েছিল তার এই যাত্রা। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে নিজের দক্ষতা বাড়িয়েছে অরিত। গত বছর তার হাতে তৈরি হয়েছিল দু’ফুট দু’ইঞ্চির কালীপ্রতিমা। এবার দুর্গাপ্রতিমা তৈরি করে নতুন নজির গড়ার পথে এই কিশোর।
‘চাঁদের দুর্গা’ তৈরি করতে টানা ১৫ দিন পরিশ্রম করেছে অরিত। প্রতিমা সাজাতে ব্যবহার করেছে ১৭ ধরনের রং। এই কাজে মাটি জোগাড় করে দিয়েছেন ধূপগুড়িতে থাকা তার মেসো। অন্যদিকে, রং কিনে দিয়ে ছেলের পাশে দাঁড়িয়েছেন বাবা। পরিবারের সহযোগিতা আর নিজের আগ্রহকে সম্বল করেই মাটির মাধ্যমে স্বপ্নকে রূপ দিচ্ছে অরিত।
