নিউজপোল ব্যুরো: আরশোলা নিয়ে যখন দেশজুড়ে নানা আলোচনা, তখন সেই বিষয়কেই দুর্গাপুজোর থিমে তুলে ধরল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর গ্রিনপার্ক অধিবাসীবৃন্দ। তাদের পুজোর থিম ‘মায়ের আগমন, আরশোলার দমন’। মণ্ডপে ভারতমায়ের পায়ের কাছে রাখা হয়েছে একটি বিশালাকার আরশোলার মূর্তি। অভিনব এই ভাবনা দেখতে ষষ্ঠী থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
বর্তমানে ককরোচ জনতা পার্টি বা CJP-কে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম, সর্বত্রই আলোচনা চলছে। দেশের বিভিন্ন প্রান্তে এই আরশোলাকে নিয়ে চর্চার মধ্যেই নরেন্দ্রপুরের পুজো মণ্ডপে তার উপস্থিতি নজর কেড়েছে। ফলে অন্যান্য পুজোর পাশাপাশি এই মণ্ডপও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে।
পুজো উদ্যোক্তা হিল্লোল সাহা জানিয়েছেন, সারা দেশেই আরশোলার উৎপাত বেড়েছে বলে তাঁরা মনে করছেন। বাংলাতেও যাতে এই উৎপাত না বাড়ে, সেই বার্তা দিতেই এমন থিমের ভাবনা। তাঁদের আশা, মা দুর্গার আগমনে আরশোলার দমন হবে। চেনা দুর্গাপুজোর থিমের বাইরে গিয়ে সমসাময়িক আলোচনাকে মণ্ডপে তুলে ধরার এই প্রয়াস কতটা নজর কাড়ে, তা নিয়েই এখন আগ্রহ দর্শনার্থীদের।
