নিউজপোল ব্যুরো: আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছিল দেশ। সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও মুছে যায়নি মানুষের মন থেকে। সেই ঘটনার পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই সময় হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। পরে হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া চলার পর বন্দিদশা এবং বিচার শেষ হতে দেরির বিষয়টি বিবেচনা করে তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত।
এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লেখেন, ‘অসুর ছাড়াও পেয়ে গেলো?!!!!!’ যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি অভিনেত্রী, তবু সময়ের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা।
আরজি করের ঘটনার পর থেকেই নির্যাতিতার বিচার চেয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা। তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তিনি। ফলে সন্দীপের জামিনের পর তাঁর এই পোস্ট নতুন করে নজর কেড়েছে নেটিজেনদের।
