ECI: ভোট এলেই জেল থেকে মুক্তি কেন? অপরাধীদের দাপট রুখতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ কমিশনের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের পুলিশ ও প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ বদল আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ECI)। মুখ্যসচিবকে সরানো নিয়ে ইতিমধ্যেই শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যেই কমিশনের আরও একটি সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের কারা দফতরের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদেও নতুন নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: Election Commission 2026 : ভোটের মুখে বড় সিদ্ধান্ত! ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বদলে দিল নির্বাচন কমিশন

কারা দফতরের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নটরাজন রমেশ বাবুকে (Natarajan Ramesh Babu)-কে। সাধারণত নির্বাচন চলাকালীন কারা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যায় না নির্বাচন কমিশনকে (ECI)। সেই কারণে এবার হঠাৎ এই পদে কমিশনের (Election Commission) তরফে সরাসরি নিয়োগ করা নিয়ে প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কারা দফতরের ডিজি পদে ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা (Siddhinath Gupta)। কিন্তু নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে কমিশন (ECI) তাঁকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে স্বাভাবিকভাবেই কারা দফতরের ডিজি পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্য পদ পূরণ করতেই কমিশন নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

তবে প্রশাসনিক সূত্রে অন্য একটি বিষয়ও সামনে এসেছে। নির্বাচন এলেই বিভিন্ন জেল থেকে অপরাধীদের ছেড়ে দেওয়া নিয়ে অতীতেও অভিযোগ উঠেছিল। সেই ধরনের একাধিক অভিযোগ নির্বাচন কমিশনের কাছেও জমা পড়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল রাজ্যে এসে পরিস্থিতি পর্যালোচনা করে। সেই সময়ও কারা প্রশাসন নিয়ে অভিযোগ জমা পড়ে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইঙ্গিত দিয়েছিলেন যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

এই প্রেক্ষাপটেই কমিশন (ECI) নিজে থেকে কারা দফতরের ডিজি পদে নতুন নিয়োগ করল কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ভোটের সময় জেল প্রশাসনের ওপর নজরদারি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবুকে এই দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, অতীতেও নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর উপর ভরসা রেখেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁকে কারা দফতরের ডিজি করা হল, ফলে এই সিদ্ধান্তের তাৎপর্য নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole