নিউজ পোল ব্যুরো: সমুদ্র দেখার টানেই বাড়ি থেকে বেরিয়ে পড়া। সঙ্গী শুধু প্রিয় সাইকেল। প্রায় ৭০ কিলোমিটার পথ পেরিয়ে শেষমেশ দিঘায় (Travel stories) পৌঁছে গেল এক কিশোর। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের মাধাখালি এলাকার বাসিন্দা সে। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই সমুদ্র দেখার প্রবল ইচ্ছে ছিল তার। ঢেউয়ের গর্জন, পূর্ণিমার আলোয় ভেসে থাকা সমুদ্রতট আর কুয়াশা মাখা রাতে জ্যোৎস্নার মায়া যেন তাকে বারবার ডাকছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তাকে নিয়ে সমুদ্র দেখতে যেতে পারেননি বাবা-মা। সেই অপূর্ণ ইচ্ছেই একসময় জেদে পরিণত হয়। আর তাই একদিন কাউকে কিছু না জানিয়ে নিজের সাইকেল নিয়েই দিঘার উদ্দেশে রওনা দেয় সে।
আরও পড়ুন:Trending Fashion: জিন্স-শার্টে কাঁধে টোটব্যাগ! পুরুষদের ফ্যাশনে কেন বাড়ছে এই ট্রেন্ড?
বাড়িতে বিষয়টি জানালে অনুমতি মিলবে না, তা ভাল করেই বুঝেছিল সে। উপরন্তু দিঘা (Travel stories) যাওয়ার মতো পর্যাপ্ত টাকাও ছিল না তার কাছে। তাই কাউকে কিছু না জানিয়েই এক সকালে প্রিয় সাইকেলটি নিয়েই চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিশোর। দীর্ঘ পথ অতিক্রম করে একাই পৌঁছে যায় সমুদ্র শহর দিঘায়। এদিকে বাড়িতে ছেলেকে খুঁজে না পেয়ে চরম উদ্বেগে পড়ে যায় পরিবার। কোথাও কোনও খোঁজ না মেলায় হন্যে হয়ে খোঁজ শুরু করেন বাবা-মা আত্মীয়স্বজনদের কাছেও খবর নেওয়া হয়। তবুও কোনও সন্ধান না মেলায় শেষ পর্যন্ত স্থানীয় থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
অন্যদিকে দিঘার (Travel stories) বিশ্ব বাংলা ওয়ান পার্কের সামনে এক কিশোরকে একা ঘোরাঘুরি করতে দেখা যায়। রাতে এত ছোট ছেলেকে একা ঘুরতে দেখে সন্দেহ হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অফ সিভিল ডিফেন্সের গ্রিন গার্ড শোভন জানার। তিনি ছেলেটিকে ডেকে কথা বলতে শুরু করেন এবং কোথা থেকে এসেছে তা জানতে চান। প্রশ্নের উত্তরে কিশোর জানায়, বাড়িতে কাউকে কিছু না জানিয়েই সে সাইকেল নিয়ে একাই দিঘায় চলে এসেছে। সমুদ্র দেখার ইচ্ছে থেকেই এতটা পথ পাড়ি দিয়েছে সে। ছোট্ট ছেলেটির মুখে এই কথা শুনে কার্যত হতবাক হয়ে যান উপস্থিত সকলেই।
গ্রিন গার্ড শোভন জানা জানান, ভূপতিনগর থানার মাধাখালি এলাকার ওই কিশোর কাউকে কিছু না জানিয়েই দিঘায় (Travel stories) চলে আসে। ছেলেটিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। খবর পেয়ে রাতে দিঘায় আসেন পরিবারের সদস্যরা। এরপর কিশোরকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
