নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘোষণার পরেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের পর এবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ পদেও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের ডিজি ও আইজিপি (Director General of Police) পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন ডিজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার। আপাতত তাকে ডিজি ও আইজিপি (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন : ECI 2026 : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই বড় পদক্ষেপ কমিশনের, সরানো হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে
এদিকে কলকাতা পুলিশের শীর্ষ পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। অজয় ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাওবাদী দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রশাসনিক মহলে পরিচিত। এছাড়া আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবেও কাজ করেছেন তিনি। একসময় কলকাতা পুলিশেও দায়িত্ব সামলেছেন এবং পশ্চিমবঙ্গ এসটিএফ (West Bengal STF)-এর প্রথম আইজি হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। শুধু এই দুটি পদ নয়, রাজ্য পুলিশের আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) পদে থাকা বিনীত গোয়েলকে সরিয়ে নতুন এডিজি ও আইজিপি (Law and Order) হিসেবে নিয়োগ করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার। পাশাপাশি ডিজি (কারা) বা ডিরেক্টর জেনারেল অফ প্রিজনস (DG Prisons) পদে নিয়োগ করা হয়েছে ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবুকে। এর আগেই রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্রসচিব (Home Secretary) পদ থেকেও জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, রবিবার বিকেলে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পশ্চিমবঙ্গের ভোটের দিন ঘোষণা করেন। এ বছর রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে-২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোেট ঘোষণার পরেই প্রশাসনে একের পর এক রদবদল শুরু হয়েছে। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে রাজনৈতিক দল ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কমিশন। কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, নির্বাচনের সময় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন (Free and Fair Election) নিশ্চিত করতেই প্রশাসনের শীর্ষ স্তরে এই রদবদল করা হয়েছে।
