Durga Puja 2026:কুণালের আদালতে আইনের লড়াই, অবসরে শিল্পের সাধনা! মোমের শুভ্রতায় দেবীর রূপ, নিখুঁত কারুকাজে চোখ ফেরানো দায়!

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো: পেশায় আইনজীবী, নেশায় শিল্পী। আর তাঁর এই শিল্পীসত্তা আদালতের ব্যস্ততা আর আইনি লড়াইয়ের ফাঁকেই নতুন সৃষ্টি গড়ে তুলেছেন জলপাইগুড়ির শিরিষতলার বাসিন্দা কুণাল বিশ্বাস। প্রায় তিন কেজি মোম দিয়ে তাঁর হাতে তৈরি একচালা দুর্গা প্রতিমার সূক্ষ্ম কারুকাজ নজর কাড়ছে সকলের।

প্রতিমাটি তৈরি করতে প্রায় এক মাস সময় লেগেছে কুণালের। আদালত ও চেম্বারের কাজ সামলে রাত জেগে ধীরে ধীরে ফুটিয়ে তুলেছেন দেবীর রূপ। প্রতিমার চালা তৈরিতে ব্যবহার করেছেন প্লাইউড। পাশাপাশি জরি ও পুঁতির অলংকরণে শিল্পকর্মটিকে দিয়েছেন অন্য মাত্রা। সাদা মোমের প্রতিমায় নিখুঁত কারুকাজ যেন চোখ ফেরানোই কঠিন করে তুলেছে।

কুণাল জানান, গত পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। গত বছর ফেলে দেওয়া ওষুধ দিয়ে প্রতিমা গড়েছিলেন। এবার মোমের প্রতিমা তৈরির মাধ্যমে বাংলার মোমশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছেন। অনেক পরিশ্রম করে তাঁরা শিল্পকে বাঁচিয়ে নিয়ে যায় কিন্তু তাঁর মতে এই শিল্পীরা অনেক সময় আড়ালেই থেকে যান। তাঁদের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

কুণালের আবেদন, নতুন প্রজন্ম যেন শুধু মোবাইলের জগতে আটকে না থেকে শিল্প, সংস্কৃতি ও লোকঐতিহ্যের প্রতিও আগ্রহী হয়। তাঁর এই উদ্যোগে উৎসাহ জুগিয়েছেন সিনিয়র আইনজীবী প্রসেনজিৎ পাল। ছেলের শিল্পসাধনায় গর্বিত বাবা হরপ্রসাদ বিশ্বাসও। পেশাগত ব্যস্ততার মাঝেও কুণালের এই শিল্পসাধনা নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতি ও লোকঐতিহ্য ধরে রাখার অনুপ্রেরণা জোগাবে বলেই আশা।