নিউজপোল ব্যুরো:পুজোর দিনগুলিতে চারদিকে উৎসবের মেজাজ। কোথাও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা, কোথাও পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ছে একের পর এক ঘোরাঘুরির ছবি। কিন্তু এই চেনা ছবির বাইরে যদি কেউ নিজের মতো করে পুজো কাটাতে চান, তাতেই বা অসুবিধা কোথায়? বরং এ বার পুজো হোক নিজেকে নতুন করে আবিষ্কার করার উপলক্ষ।
সারা বছর কাজের চাপ, দায়িত্ব আর সময়ের অভাবে নিজের ইচ্ছেগুলিকে অনেক সময় পিছনের সারিতে রাখতে হয়। পুজোর ছুটিতে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। কোনও দিন ঘুম থেকে উঠে মনে হল, একটু ঘুরে আসা যাক! ব্যস, তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। আবার কোনও দিন বাড়িতে বসে প্রিয় গান শোনা কিংবা জানলার পাশে বসে বই পড়ার ইচ্ছা হলে, সেটুকুও হোক নির্দ্বিধায়।
একা ঠাকুর দেখতে যাওয়ার মধ্যেও রয়েছে অন্য রকম স্বাধীনতা। কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কোন মণ্ডপে বেশি সময় কাটাবেন, তার সিদ্ধান্ত একান্তই নিজের। ইচ্ছে হলে পছন্দের কোনও খাবারের দোকানে ঢুঁ মারতে পারেন, কিংবা নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন কোনও নিরিবিলি জায়গায়।
পুজোর আনন্দের কোনও বাঁধাধরা নিয়ম নেই। দল বেঁধে ঘোরা যেমন আনন্দের, তেমনই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে সময় কাটানোও কম কিছু নয়। তাই এ বার অন্যের পরিকল্পনায় নয়, নিজের ভাল লাগার ছন্দেই সাজিয়ে নিন পুজোর দিনগুলি।
