শুধু সরকারি শিক্ষক নন, জনগণনার কাজে এবার ডাক পড়তে পারে বেসরকারি স্কুলের শিক্ষকদেরও

দেশ

নিউজপোল ব্যুরো: ২০২৭ সালের জনগণনা (Census) আরও সহজ করতে কেন্দ্রীয় সরকার নিয়োগের নিয়মে আনল বড় পরিবর্তন। এবার সরকারি স্কুলের শিক্ষকদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও গণনাকারী হিসেবে নিয়োগ করতে পারবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

১৯৯০ সালের সেন্সাস রুলসে নতুন সংশোধন আনা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছেন ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। শুধু শিক্ষক নন, বিভিন্ন সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্ক এবং ট্রাস্টের কর্মীদেরও জনগণনার কাজে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজনে অন্য ব্যক্তিদেরও এই দায়িত্ব দেওয়া যাবে।

বেসরকারি স্কুলের শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে হরিয়ানা প্রোগ্রেসিভ স্কুলস কনফারেন্স আদালতের দ্বারস্থ হয়েছিল। গত ৮ অক্টোবর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই সংক্রান্ত রাজ্য সরকারের দুটি চিঠিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই আইনি বিতর্কের মধ্যেই নিয়ম সংশোধন করল কেন্দ্র।

উল্লেখ্য, কোভিডের কারণে ২০২১ সালে স্থগিত হওয়া জনগণনা ২০২৭ সালে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য কেন্দ্র ইতিমধ্যেই ১১,৭৩১ কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন নিয়মে কর্মী নিয়োগের পরিধি বাড়ায় জনগণনার কাজ পরিচালনা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।