হঠাৎ হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী, আপাতত কেমন রয়েছে তাঁর শারীরিক অবস্থা?

দেশ

নিউজপোল ব্যুরো:হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী (LK Advani)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আদবাণীকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বয়সজনিত বিষয়টি মাথায় রেখে তাঁর শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই আদবাণীর সঙ্গে দেখা করতে তাঁর দিল্লির বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৭ অক্টোবর সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার উপলক্ষে প্রবীণ নেতার আশীর্বাদ নিতে যান তিনি।

সাক্ষাতের পর সমাজমাধ্যমে আদবাণীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কয়েক দশক ধরে জনসেবার মাধ্যমে ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ছাপ রেখেছেন আদবাণী, এমনটাই উল্লেখ করেন তিনি।