জাতীয় পতাকা উত্তোলন পদযাত্রার আগেই অভিজিৎ দিপকেকে আটক করল দিল্লি পুলিশ

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো:জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশের হাতে আটক হলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দিপকে। শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙা’ পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেন্ট্রাল পার্কের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের একটি দল মানবশৃঙ্খল তৈরি করে পার্ক ঘিরে রাখে, যাতে বিক্ষোভকারীদের ভিড় থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

এর কয়েক ঘণ্টা আগে অভিজিতের বাড়িতে গিয়ে পদযাত্রা বাতিলের নোটিস দিয়েছিল পুলিশ। সেই নোটিসে অভিযোগ করা হয়, সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য সাধারণ মানুষকে উস্কে দিয়েছে। নোটিস নিয়ে আপত্তি জানিয়ে অভিজিৎ প্রশ্ন তোলেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে। হিংসায় উস্কানি দেওয়ার প্রমাণ হিসেবে কোনও ভিডিও দেখানো যাবে কি না, তা নিয়েও পুলিশকে চ্যালেঞ্জ করেন তিনি।

এদিকে, দিল্লি পুলিশ সামাজিক মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের আবেদন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি সরব হয়েছে CJP-সহ বিরোধী শিবির। এই পরিস্থিতিতে কনট প্লেসের কর্মসূচি ঘিরে পুলিশের তৎপরতা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।