পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা! শুক্রবার কলকাতা-সহ দেশের কোথায় কত দর?

দেশ

নিউজপোল ব্যুরো:   আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে থাকায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা বাড়ছে। যদিও শুক্রবার, ১৬ অক্টোবর, সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর, দেশের তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানির দামে কোনও পরিবর্তন করেনি। ফলে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে আপাতত আগের দামেই মিলছে পেট্রোল ও ডিজেল।

শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪৯ সেন্ট কমে ১০৫.৪৩ ডলারে দাঁড়ায়। যদিও আন্তর্জাতিক বাজারে এই সামান্য পতনের ফলে দেশের জ্বালানির দাম কমবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, পেট্রোল ও ডিজেলের দাম নির্ভর করছে সংস্থাগুলির সিদ্ধান্তের উপর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লিতে শুক্রবার পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম ৮৮.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৮৪.৫৬ টাকা প্রতি লিটার। দেশের মধ্যে সবচেয়ে কম দামে পেট্রোল ও ডিজেল এখানেই পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মে মাসে সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৭.৫০ টাকা বাড়িয়েছিল। পরে কয়েকটি বেসরকারি সংস্থাও দাম বাড়িয়েছে। ফলে আগামী দিনে জ্বালানির দাম বাড়বে কি না, সেদিকেই নজর সাধারণ মানুষের।