বিবেকানন্দকে ঘিরে বিতর্কে উত্তাল প্রেসিডেন্সি, দোষীদের রেয়াত নয়: কড়া বার্তা মন্ত্রীর

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: স্বামী বিবেকানন্দের ছবি ঘিরে বিতর্কে সরগরম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবিভিপির লাগানো পোস্টারে বিবেকানন্দের ছবির উপর অশালীন শব্দ লেখার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিষয়টি সামনে আসতেই কড়া মনোভাবের কথা জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তদন্তের রিপোর্ট কলকাতার পুলিশ কমিশনার খতিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা সামনে এলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করা হবে।

এবিভিপির দাবি, গত মঙ্গলবার রাতে স্বামী বিবেকানন্দের ছবি থাকার পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) উদ্দেশেও আপত্তিকর মন্তব্য লেখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। এর প্রতিবাদে বুধবার ক্যাম্পাসের বাইরে সরব হন সংগঠনের সদস্যরা। পাশাপাশি, ঘটনার তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার আর্জি জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্দরে কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে। পাঁচজন সদস্যকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনের মধ্যে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে কারও জড়িত থাকার প্রমাণ মিললে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।