ফের সংসদে ডিলিমিটেশন বিল, মহিলা সংরক্ষণও কি পাশ করাতে মরিয়া কেন্দ্র?

রাজ্য

নিউজপোল ব্যুরো:চলতি মাসের শেষেই সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। এসআইআর নিয়ে বিতর্ক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবির আবহে এই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ওই অধিবেশনে ফের ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

এর আগে বাজেট অধিবেশনে এই বিলগুলি পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। তবে ভোটাভুটিতে সেই উদ্যোগ সফল হয়নি। এবার নতুন করে বিল পাশ করাতে বিরোধী দলগুলির সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে শাসক শিবির। সূত্রের দাবি, বিশেষ অধিবেশন ডাকার প্রায় এক সপ্তাহ আগে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করাই কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে খবর।

তবে এই বিলগুলি শেষ পর্যন্ত সংসদে পেশ হবে কি না এবং প্রয়োজনীয় সমর্থন মিলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ অধিবেশন নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় আপাতত জল্পনা জারি রয়েছে।