SSC ফল প্রকাশ, কিন্তু সাইট খোলা যায়নি! হতাশায় প্রার্থীরা

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের (SSC) পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। কিন্তু প্রকাশের সঙ্গে সঙ্গে প্রায় ২৬,০০০ চাকরিপ্রার্থীর আশা-নির্ভর ভবিষ্যৎ যেন আটকে গেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া রেজাল্টের জন্য হুড়োহুড়ি সকাল পর্যন্ত ফলাফল দেখা গেল না। মূল ওয়েবসাইট www.westbengalssc.com এবং সহায়ক সাইট www.wbsschelpdesk.com উভয়ই ব্যবহারকারীদের জন্য অপ্রাপ্য ছিল। মূল সাইটে দেখা যাচ্ছে, ‘site can’t be reached’, আর সহায়ক সাইটে ‘Too Many Requests’ বার্তা। প্রার্থীদের একযোগে ফল দেখার চেষ্টা করাতেই এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন: SIR : অবশেষে শুরু অনলাইন প্রক্রিয়া! ভোটার তালিকা সংশোধনে চালু হল নতুন ওয়েবসাইট

প্রায় পাঁচ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। নবম-দশম শ্রেণির জন্য মোট ২৩,২১২টি পদ, আর একাদশ-দ্বাদশের জন্য পদসংখ্যা তার অর্ধেক। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রার্থীদের ইন্টারভিউ-র কল নির্ধারিত হবে, যা চাকরির সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান নিশ্চিত করবে। তবে এত প্রতীক্ষার পরও ফল দেখতে না পেয়ে প্রার্থীরা হতাশ। এক প্রার্থী লিখেছেন, “সারারাত জেগেও রেজাল্ট দেখার সুযোগ পাইনি। ইতিহাসে হয়তো এমন ঘটনা কমই ঘটেছে।”

চিন্ময় মণ্ডল, যিনি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের একজন, বলেন, “এটি শুধুই লিখিত পরীক্ষার (SSC) স্কোর বোর্ড। কেউ ডাক পাবে কি না তা জানা যাবে না। সারারাত চেষ্টা করেছেন, এবার ঘুমিয়ে নিন।” অনেক প্রার্থীর বক্তব্য, এত বছর পরেও ইন্টারভিউ-র ডাক না পাওয়া এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে। চাকরিহারা মেহবুব মণ্ডল যোগ করেন, “লিখিত পরীক্ষার সঙ্গে যোগ হবে অভিজ্ঞতার নম্বর, তখন বোঝা যাবে কে ইন্টারভিউতে ডাক পাবে। যারা বাছাইয়ের বাইরে থাকবেন, তাদের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।”

বর্তমানে SSC থেকে এই ওয়েবসাইট ধস এবং ফলাফল প্রকাশের বিলম্ব নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রার্থীরা আশাবাদী, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে, এবং সকলেই যাতে সময়মতো ফলাফল দেখতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole