G20-র মঞ্চে মোদী, ট্রাম্পের অনুপস্থিতি কংগ্রেসের নিশানায়

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে জি২০ (G20) সম্মেলনের আসর। কিন্তু এবার সেই আসরে অনুপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজেই জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের ওপর হওয়া ‘মানবাধিকার লঙ্ঘন’কে কেন্দ্র করে তিনি সম্মেলনে যোগ দেবেন না। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই ভারতের রাজনৈতিক মহলে কংগ্রেস সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) লক্ষ্য করে খোঁচা দিয়েছেন।

আরও পড়ুন: SSC ফল প্রকাশ, কিন্তু সাইট খোলা যায়নি! হতাশায় প্রার্থীরা

হাতশিবিরের মতে, ‘স্বঘোষিত বিশ্বগুরু’ এবার নিশ্চয়ই সম্মেলনে উপস্থিত থাকবেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে লিখেছেন, “যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত হবেন না, আমরা নিশ্চিত মোদী নিজেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছবেন।” তিনি আরও লিখেছেন, “কখনও না কখনও, কোথাও না কোথাও… ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎই করতে হবে,” যা এক ধরনের কটাক্ষ হিসেবেই ধরা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী সব জি২০ (G20) সম্মেলনে সরাসরি উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রিসবেন, হামবুর্গ, বালি, রোম, নয়াদিল্লি সহ অন্যান্য শহরে। তবে গত অক্টোবরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান বৈঠকে মোদী সরাসরি উপস্থিত ছিলেন না, ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। মনে করা হয়, ওই সময় ট্রাম্পের সঙ্গে বৈঠক এড়ানোর জন্য তিনি অনলাইনে যুক্ত হয়েছিলেন। তবে ট্রাম্পের অনুপস্থিতি রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ আলোচিত হচ্ছে। এছাড়া, অক্টোবরে আসিয়ান বৈঠকে ট্রাম্প উপস্থিত ছিলেন, সেইসঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শান্তিচুক্তিতে সাক্ষরও করেন। পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) ও সেনা প্রধান আসিম মুনিরকে (Asim Munir) ‘ভালো মানুষ’ হিসেবে প্রশংসা করেন।

এবার দক্ষিণ আফ্রিকায় ট্রাম্পের অনুপস্থিতি ও মোদীর উপস্থিতি নিয়ে কংগ্রেসের কটাক্ষ, দেশের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জি২০-র (G20) এই মঞ্চ আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক মণিপুলেশনের জন্যও গুরুত্বপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole