GST: মোদীর ৮ বছরের জিএসটি ‘সংস্কার’ বনাম রাহুলের ‘অর্থনৈতিক অবিচার’, কর ব্যবস্থায় কার বাস্তবতা প্রতিফলিত?”

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের কর ব্যবস্থায় ‘যুগান্তকারী পরিবর্তন’ না কি ‘অর্থনৈতিক অবিচার’? পণ্য ও পরিষেবা কর (GST) বাস্তবায়নের ৮ বছর পূর্ণ হতেই এই বিতর্কের কেন্দ্রে মুখোমুখি দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৭ সালের ১ জুলাই যাত্রা শুরু করে জিএসটি, উদ্দেশ্য ছিল এক দেশ, এক কর। কিন্তু আজ, ৮ বছর পর, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সত্যিই কি জিএসটি (GST) ভারতের অর্থনীতিকে ঐক্যবদ্ধ করেছে, না কি কিছু কর্পোরেট গোষ্ঠীর স্বার্থেই এ ব্যবস্থা দাঁড় করানো হয়েছিল?

আরও পড়ুন: Air India Crash: বিমানের দুর্ঘটনায় প্রাণহানি, যুক্তরাজ্যের আদালতে আইনি লড়াইয়ের পথে নিহতদের পরিবার!

প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) টুইট করে জিএসটির (GST) প্রশংসা করে বলেন, “জিএসটি ব্যবসার সহজতা বাড়িয়েছে, রাজ্যগুলিকে সমান অংশীদার করেছে এবং ভারতের বাজারকে ঐক্যবদ্ধ করেছে। এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সুফল এনেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠেছে।” তিনি জিএসটিকে সহযোগিতামূলক ফেডারেলিজমের প্রতীক বলেও অভিহিত করেন।

কিন্তু পাল্টা আঘাত হানেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জিএসটিকে “একটি শোষণের কর” হিসেবে চিহ্নিত করে বলেন, “এটি কর সংস্কার নয়, এটি এক নিষ্ঠুর হাতিয়ার যা দরিদ্রদের শাস্তি দিয়েছে, এমএসএমইগুলিকে ধ্বংস করেছে এবং প্রধানমন্ত্রীর বন্ধু বিলিয়নিয়ারদের সুবিধা দিয়েছে।” তিনি আরও দাবি করেন, জিএসটির জটিল কাঠামো এবং বারবার সংশোধনের ফলে এটি একটি “কমপ্লায়েন্স দুঃস্বপ্নে” পরিণত হয়েছে। ৯০০-রও বেশি পরিবর্তনের ফলে ছোট ব্যবসায়ী, দোকানদার ও এমএসএমইরা বিপাকে পড়েছেন, যেখানে বড় কর্পোরেটরা সুবিধা নিচ্ছে।

রাহুলের অভিযোগ আরও গুরুতর, “জিএসটি চালুর পর ১৮ লক্ষেরও বেশি ব্যবসা বন্ধ হয়ে গেছে। সরকার বিজেপি-বিরোধী রাজ্যগুলিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে জিএসটি বকেয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।” তিনি প্রশ্ন তোলেন, “কেন পেট্রোল-ডিজেল এখনও জিএসটির বাইরে? কৃষক ও সাধারণ মানুষকে তো চরম মূল্য দিতে হচ্ছে!” জিএসটি আসলে ইউপিএ সরকারের স্বপ্ন ছিল, যা মোদী সরকারের অধীনে ‘অসততার কর ব্যবস্থায়’ রূপ নিয়েছে বলে দাবি করেন রাহুল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT