নিউজ পোল ব্যুরো: ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। রাজ্যের সরকারি কলেজ শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। অনেক পড়ুয়ারই পছন্দের বিষয় নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আর্থিক পরিস্থিতি। আবার অনেক পড়ুয়াই পিছিয়ে আসেন খরচসাপেক্ষ বিষয়গুলি নিয়ে পড়ার সিদ্ধান্ত থেকে। শুধু স্নাতক নয়, স্নাতকোত্তর (Masters) ও পিএইচডি স্তরেও এই সমস্যার সম্মুখীন হন অনেকে। এই সমস্যা সমাধানে, রাজ্যের মেধাবীদের সাহায্যার্থে রাজ্য সরকারের তরফে ২০২১ সাল থেকে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ (Student Credit Card) প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় অর্থ সাহায্য করে রাজ্য সরকার।
আরও পড়ুন:Habubu Doll at Big Boss 19: বিগ বস ১৯-এ আধুনিক যুগের স্পর্শ, প্রতিযোগী হিসেবে আসছেন হাবুবু!
তবে এই ব্যবস্থা চালু হলেও তার আবেদনের সঠিক পদ্ধতি, কত টাকা ঋণ পাওয়া যেতে পারে, ঋণ পাওয়ার পর কত দিনে সেই টাকা মেটাতে হবে সে সব নিয়ে নানা বিভ্রান্তির মধ্যে থাকেন পড়ুয়ারা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ (Student Credit Card) প্রকল্পের সাহায্যে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য। সে ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সেমেস্টার ভিত্তিতে অথবা শিক্ষাবর্ষর ভিত্তিতে টাকা পাওয়া যায়।
দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরই ঋণের জন্য আবেদন করা যাবে। পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে চাইলেও দশম শ্রেণির পর ঋণের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। এ ছাড়াও উচ্চ মাধ্যমিকের পর স্নাতক অথবা স্নাতকোত্তর পড়ার জন্যও পাওয়া যাবে ঋণ। ইঞ্জিনিয়ারিং (Engineering), চিকিৎসাবিদ্যা (MBBS), আইন (Law) সহ ব্যয়বহুল বিষয় নিয়ে পড়ার জন্যও আবেদন করা যাবে। স্নাতকোত্তর উত্তীর্ণদের জন্য পিএইচডি (Phd) করার ইচ্ছে থাকলেও ঋণ নেওয়া যাবে। তবে শুধু যে উচ্চ স্তরে পড়ার জন্য এই ঋণ, এমনটা নয়। সর্ব ভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতিও ঋণ নিয়ে পড়তে পারবেন আগ্রহীরা।
শুধু যে দেশের মধ্যেই ঋণ নিয়ে পড়া যাবে তা নয়। বিদেশের প্রতিষ্ঠানেও পড়তে চাইলে এই ঋণ (Student Credit Card) আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সে ক্ষেত্রে আবেদনের পর যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নথি চাওয়া হয়ে থাকে। সেই নথি-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ হলেই ব্যাঙ্ক ঋণের (Bank Loan) আবেদনের টাকা দিয়ে থাকে। অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার উপযুক্ত নথি জমা দিলেই আবেদন করতে পারবেন পড়ুয়া।
wbscc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে পোর্টালে পড়ুয়াদের দশম শ্রেণি রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ড দিয়ে রেজিস্ট্রশন করতে হবে। তাতে পাওয়া যাবে ‘ইউনিক আইডি’ (Unique Id)। এর পর ওই আইডি দিয়ে ‘লগ ইন’ (Log in) করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং নথি জমা দিতে আবেদন করতে হবে। কোর্স চলাকালীন এবং বছরে ভর্তির সময় আবেদন করতে হবে এই আবেদন।
