SSC Exam 2025: পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা নিষিদ্ধ, নতুন আইনে শাস্তির হুঁশিয়ারি ঘিরে তীব্র বিতর্ক

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি (SSC Exam 2025) আবারও বিতর্কের কেন্দ্রে। সর্বভারতীয় স্তরের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে একটি হওয়ায় প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। তাদের অনেকেই প্রস্তুতির জন্য এবং পরীক্ষা শেষে আলোচনার জন্য সমাজমাধ্যমের উপর নির্ভরশীল। কিন্তু এবার এসএসসি স্পষ্ট জানিয়ে দিল, পরীক্ষার পর প্রশ্নপত্র বা উত্তরপত্র নিয়ে আর কোনো আলোচনা করা যাবে না। কমিশনের তরফে সতর্ক করা হয়েছে যে এই ধরনের আলোচনা বা বিশ্লেষণ করলে তা সরাসরি আইনের চোখে অপরাধ হিসাবে গণ্য হবে। সম্প্রতি জারি হওয়া পাবলিক এগজ়ামিনেশন (Prevention of Unfair Means) Act, 2024–এর বিভিন্ন ধারার উল্লেখ করে বলা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র বা সংশ্লিষ্ট কোনো নথি অনুমতি ছাড়া প্রকাশ বা প্রচার করা নিষিদ্ধ।

আরও পড়ুন:Prajakta Kohli: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি, সফর বাতিল করে উদ্বেগ জানালেন অভিনেত্রী প্রাজক্তা কোলী

সমাজমাধ্যমে বহু কনটেন্ট ক্রিয়েটর (Content Creator), শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions) প্রায়ই পরীক্ষার প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ তুলে ধরেন। কখনও কখনও সিবিটি (CBT) পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশ্নের ছবি ভাইরাল হয়ে যায়। অভিযোগ উঠেছে, এর ফলে পরীক্ষার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে। এই পরিস্থিতি এড়াতেই এসএসসি (SSC Exam 2025) কড়া অবস্থান নিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেকশন ৩ স্পষ্ট করে জানিয়েছে, কোনো রকম অনুমোদন ছাড়া প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করা যাবে না। সেকশন ৯ অনুযায়ী, এই ধরনের অপরাধ জামিনঅযোগ্য (Non-Bailable)। সেকশন ১০ বলছে, দোষী প্রমাণিত হলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কারাবাস এবং এক লক্ষ টাকার বেশি জরিমানা হতে পারে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পরিষেবা কেন্দ্র জড়িত থাকে, তবে জরিমানা এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এবং ভবিষ্যতে তাদের পরীক্ষার্থীদের অংশগ্রহণও নিষিদ্ধ হতে পারে।

এসএসসি (SSC Exam 2025)–র এই কঠোর বিজ্ঞপ্তি ঘিরে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখা দিয়েছে পরীক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। অনেকের মতে, পরীক্ষা (SSC Exam 2025) শেষে প্রশ্ন কেমন হল, কে সঠিক উত্তর লিখল, কোন প্রশ্ন কঠিন বা সহজ ছিল এসবই চিরাচরিত আলোচনা। ছোটবেলা থেকে সবাই স্কুল বা কলেজ স্তরের পরীক্ষার পর এমন আলোচনা করে এসেছে। সেটিকে হঠাৎ করে আইনসিদ্ধ অপরাধ হিসেবে দেখানো হলে তা বাক্‌স্বাধীনতায় (Freedom of Expression) হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকে।

এ বছর যান্ত্রিক ত্রুটি (Technical Glitch) এবং পরীক্ষাকেন্দ্র নিয়ে সমস্যা দেখা দেওয়ায় এসএসসি (SSC Exam 2025)–র প্রতি পরীক্ষার্থীদের ক্ষোভ আগেই ছিল। অনেকেই জানিয়েছেন, তাদের বাড়ি থেকে প্রায় ২০০ কিমি দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এবার পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনায় নিষেধাজ্ঞা জারি করায় সমালোচনা আরও জোরাল হচ্ছে। কমিশনের দাবি, পরীক্ষায় স্বচ্ছতা (Transparency) বজায় রাখার জন্য এই পদক্ষেপ জরুরি। কিন্তু পরীক্ষার্থীদের একাংশ বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবে স্বাধীন মত প্রকাশের পথে এক বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole