নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোয় সিপিএমের বুক স্টল তৈরি হয়েছে বির্তক। একদিকে স্টল বসানোর অনুমতি নিয়ে আদালতে আইনি লড়াই চলছে, অন্যদিকে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও অব্যাহত। এরই মধ্যে সিপিএমের বইয়ের স্টল নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সবাই স্টল করতে পারে। এতদিন করেছেন, করুন। বিক্রি তো হয় না। ২৫ বছর সেই একই বই রাখা। যেগুলো প্রদর্শনী হয়। এটাকে স্টল না বলে প্রদর্শনী বলুন। কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবরে আসার চেষ্টা করা হয়।”
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। বৃহস্পতিবার বনগাঁয় বুক স্টল বসানোর অনুমতি দেয় আদালতের একক বেঞ্চ। পুজোমণ্ডপের ১০০ মিটারের মধ্যে স্টল বসানোর নির্দেশও দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য। জরুরি শুনানির অনুমতিও মিলেছে।
উল্লেখ্য, সিপিএমের বুক স্টল নিয়ে এর আগে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর বক্তব্য ছিল, বুক স্টলে ‘শারদোৎসব’-এর পরিবর্তে ‘দুর্গাপুজো’ লেখা হলে তবেই অনুমতি দেওয়া হবে। এরপর বিভিন্ন জায়গায় বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে।
