নিউজপোল ব্যুরো: বনগাঁয় সিপিএমের বুকস্টল ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ সিপিএমের বুকস্টল করার অনুমতি দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল। একইসঙ্গে রাস্তার ধারে থাকা সমস্ত স্টল সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। টেবিল ও ছাতা পেতেও বুকস্টল করার অনুমতি দেওয়া হয়নি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বনগাঁয় সিপিএমের বুকস্টল করার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার মামলার শুনানিতে বুকস্টলের অনুমতি সংক্রান্ত একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে, অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যথাযথ অনুমতি ছাড়া কীভাবে বুকস্টল করা সম্ভব? পুজোর বাকি কয়েক দিন টেবিল ও ছাতা পেতে ছোট আকারে স্টল চালানোর অনুমতি চেয়েও আদালতের কাছে আবেদন জানান সিপিএমের আইনজীবী। তবে সেই আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি স্পষ্ট জানান, আইনের চোখে সকলের সমান অধিকার থাকা প্রয়োজন। তাই রাস্তার ধারে অনুমতিহীন সমস্ত স্টল সরাতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি।
