Durga Puja 2026: কলকাতায় ছিল রমরমা ব্যবসা, মা দুর্গার স্বপ্নাদেশে কলকাতা ছেড়ে বর্ধমানে, ২৭০ বছর ধরে চলছে প্রামাণিক বাড়ির পুজো

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো: একসময় কলকাতায় ব্যবসার যথেষ্ট নামডাক ছিল তাঁর। কিন্তু মা দুর্গার স্বপ্নাদেশের পরই বদলে যায় জীবনের গতিপথ। শহর কলকাতা ছেড়ে তিনি চলে আসেন বর্ধমানে। তৎকালীন নবাবের কাছ থেকে জমি নিয়ে শুরু করেন দেবী দুর্গার আরাধনা। সেই থেকে প্রায় ২৭০ বছর ধরে নিষ্ঠা ও পারিবারিক রীতিনীতি মেনে হয়ে আসছে বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের প্রামাণিক বাড়ির দুর্গাপুজো।

বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের প্রামাণিক পরিবারের দুর্গোৎসবের সূচনা করেছিলেন বিহারীলাল প্রামাণিক। কথিত আছে, দেবীর স্বপ্নাদেশ পাওয়ার পর কলকাতা থেকে বর্ধমানে এসে তিনি এই পুজোর প্রচলন করেন। সময়ের স্রোতে বহু পরিবর্তন এলেও পরিবারের সদস্যরা এখনও পুরনো রীতির ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এই পুজোর দিনগুলিতে সকাল শুরু হয় দেবীর আরাধনার মধ্য দিয়ে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ভোরে মঙ্গলারতির আয়োজন করা হয়। আরতির সময় দেবীকে নিবেদন করা হয় লুচি, মিষ্টি ও ফল। সন্ধ্যা নামলে পুজো প্রাঙ্গণে জ্বলে ওঠে ১০৮টি প্রদীপ। নবমীর দিন কুমারী পুজোও এই পরিবারের দীর্ঘদিনের ধর্মীয় আচারের অন্যতম অংশ। বছরের পর বছর ধরে লোহার তৈরি একই কাঠামোয় দেবীর প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করা হয়।

একসময় পুজো উপলক্ষে বাড়িতে বসত যাত্রাপালা ও জলসার আসর। সময়ের সঙ্গে সেই আয়োজন বন্ধ হলেও কমেনি পরিবারের টান। কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সদস্যরা পুজোর সময় পুরনো বাড়িতে ফিরে আসেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই বর্ধমানের বুকে বেঁচে রয়েছে প্রামাণিক বাড়ির প্রায় ২৭০ বছরের দুর্গোৎসবের ঐতিহ্য।