ক্যাপ্টেন দুর্নিবারের বিছানায় জল ঢাললেন জীতু, বিগ বসের ঘরে তুমুল বিতর্ক

বিনোদন

নিউজপোল ব্যুরো:বিগ বস বাংলার ঘরে নতুন ক্যাপ্টেন দুর্নিবার সাহা। কিন্তু তাঁর ক্যাপ্টেন্সি ঘিরেই এবার শুরু হয়েছে তুমুল অশান্তি। ক্যাপ্টেনের বিশেষ বিছানায় বালতি করে জল ঢেলে বিতর্কে জড়ালেন জীতু কমল। তাঁর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন ঘরের একাধিক সদস্য। এমনকী, রাজবীরও সরাসরি জীতুর কাজের বিরোধিতা করেন।

ক্যাপ্টেন্সি টাস্কে দুর্নিবারকে হারানোর চেষ্টা করেছিলেন জীতু। কিন্তু শেষ পর্যন্ত রাজবীরের সমর্থনে ক্যাপ্টেন হন দুর্নিবার। এরপরই ক্যাপ্টেনের ঘরে নিরঞ্জনের থাকা নিয়ে আপত্তি জানান জীতু। দুর্নিবারকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিরঞ্জনকে নিয়ে ক্যাপ্টেনের বিছানায় শুলে তিনি সেখানে জল ঢেলে দেবেন। তাঁর দাবি, ওই ঘরে থাকার অধিকার শুধুমাত্র ক্যাপ্টেনের।

কিন্তু এই কথাতেই খান্ত হননি জীতু। দুর্নিবার ও নিরঞ্জন পাশাপাশি বিছানায় শুয়ে থাকতেই বালতি করে জল ঢেলে দেন তিনি। ঘটনায় প্রতিবাদে সরব হন ভরত কল, মনামী ও নন্দিনী। রাজবীরও জীতুকে জানান, তাঁর এই কাজ একেবারেই সমর্থনযোগ্য নয়।

অন্যদিকে, ঘরের সদস্যদের দাবি, আগের সপ্তাহে নিরঞ্জন ক্যাপ্টেন থাকাকালীন একই ঘরে একসঙ্গে ঘুমিয়েছিলেন নিরঞ্জন, ঝিলম ও দুর্নিবার। তখন আপত্তি জানাননি জীতু। সেই কারণেই তাঁর আচরণের পিছনে ব্যক্তিগত অপছন্দ কাজ করছে বলে অভিযোগ তুলছেন অনেকে। ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও জীতুকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা।