সপ্তমীতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহের সফর ঘিরে শোভাবাজার রাজবাড়িতে কড়া নিরাপত্তা

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মধ্যেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর রয়েছে দু’দিনের বঙ্গ সফর। তিনি বেলুড় মঠ থেকে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ি, পাশাপাশি একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন। এই সফরকে ঘিরে রাজবাড়ি চত্বরে প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর সন্ধ্যায় আহমেদাবাদ থেকে কলকাতায় পৌঁছনোর কথা শাহের। রাতে আলিপুরের সৌজন্য অতিথিশালায় থাকবেন তিনি। রবিবার, ১৮ অক্টোবর সকালে বেলুড় মঠে যাওয়ার পর হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর কলকাতার চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমির পুজো পরিদর্শনের কথা।

এ বছর ২৭০ বছরের ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাচীন রীতিনীতি মেনে এখনও এখানে দেবী আরাধনা হয়।

দুই গুরুত্বপূর্ণ অতিথির আগমন ঘিরে রাজবাড়িতে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। রাজপরিবারের সদস্য দেবরাজ মিত্র জানিয়েছেন, অতিথিদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতি সম্পন্ন। ফলে পুজোর আবহে শোভাবাজার রাজবাড়ির এই সফরের দিকে নজর রয়েছে।