নিউজ পোল ব্যুরো: দল ছাড়ছেন, ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলের একাধিক গুঞ্জন চলছিল বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে। সেই সমস্ত জল্পনার ইতি টেনে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)আমন্ত্রণে সাড়া দিয়ে আজ মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্যদপ্তরে হাজির হন দিলীপ ঘোষ। তিনি পার্টি অফিসে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। ফুল-মালা-মিষ্টি নিয়ে স্বাগত জানানও হয় তাঁকে। তার পরেই শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েই ফেরেন সেই চেনা ফর্মে।
সকাল থেকেই গোটা রাজ্যে নজর ছিল দিলীপ ঘোষের পদক্ষেপের দিকে। শমীক সাক্ষাৎ শেষে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় আপনাকে কি দেখা যাবে ২১ জুলাইয়ের মঞ্চে? তাহলে কি সত্যিই দলবদল করছেন? এই সব প্রশ্নের একেবারে সোজা জবাবে দিলীপ বলেন, “দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয়, বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে। এবং তাঁরা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা, কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে। উনিশে হাফ। একুশে সাফ। একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ।’

এদিন শমীকের সঙ্গে সাক্ষাৎ-এর পর বিজেপির প্রাক্তন সভাপতিকে রাজ্যে কোণঠাসা হওয়া নিয়েও প্রশ্ন করা হয়। তখনই ছক্কা হাঁকিয়ে দিলীপ (Dilip Ghosh) বলেন, “বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? তারা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।” অর্থাৎ মঙ্গলে স্বমেজাজে ঝোড়ো ব্যাটিং করেন দিলীপ। পাশাপাশি বাংলার নয়া রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসা করে দিলীপ বলেন, “যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
