নিউজ পোল ব্যুরো: ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। টানা বৃষ্টিতে ভূমিধস, আকস্মিক বন্যা এবং মেঘ ভাঙা বৃষ্টির মত ঘটনা ঘটেই চলেছে। প্রাণহানি ও রাজ্যের সম্পত্তির ব্যপক ক্ষয়ক্ষতিও হচ্ছে পাল্লা দিয়ে। এই ভয়ানক বিপর্যয় থেকেই ২০টি পরিবারের ৬৭ জন বাঁচিয়ে দিল ছোট্ট এক সারমেয়। মান্ডি জেলার একটি গ্রামের এক পোষ্য সারমেয় ঘেউ ঘেউ শব্দেই গ্রামবাসীকে পালিয়ে যেতে সাহায্য করে।
৩০ জুন, মধ্যরাত থেকে রাত ১টার মধ্যে, মান্ডির ধরমপুর এলাকার সিয়াথি গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সিয়াথির বাসিন্দা নরেন্দ্র জানিয়েছেন তাঁর বাড়ির দ্বিতীয় তলায় ঘুমন্ত পাঁচ মাসের পোষ্যটি হঠাৎ জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং তারপর মধ্যরাতে চিৎকার করতে থাকে। সেই সময়ে চলছিল অবিরাম বৃষ্টি। নরেন্দ্র জানান, “ঘেউ ঘেউ করে ঘুম থেকে জেগে উঠি। তার কাছে যেতেই দেখি ঘরের দেয়ালে একটা বড় ফাটল ধরেছে এবং জল ঢুকতে শুরু করেছে। আমি কুকুরটিকে নিয়ে নিচে দৌড়ে যাই এবং সবাইকে জাগিয়ে দিই।” এর পরেই নরেন্দ্র গ্রামের অন্যান্য লোকদের জাগিয়ে তোলেন এবং তাদের সকলকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বলেন। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে গ্রামবাসীরা সবকিছু ছেড়ে আশ্রয়ের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই, গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে এবং প্রায় ১২টির বেশি বাড়ি ভেঙে পড়ে। গ্রামে বর্তমানে মাত্র চার-পাঁচটি বাড়ি রয়েছে বাকি সবই ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে। জীবিতরা গত সাত দিন ধরে ত্রিয়াম্বলা গ্রামে নির্মিত নয়না দেবী মন্দিরে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: Bharat Bandh 2025: বুধবার ভারত বন্ধের ডাক ২৫ কোটি কর্মীর, জেনে নিন কী খোলা আর কী বন্ধ থাকবে
হিমাচল প্রদেশে (Himachal Pradesh) দুর্ঘটনার কারণে বেশ কয়েকজন গ্রামবাসী রক্তচাপ এবং বিষণ্ণতায় ভুগছেন নিজেদের সমস্ত কিছু এক নিমেষে হারিয়ে যাওয়ার জন্য। সারমেয়টির সময়োপযোগী সতর্কতা ২০টি পরিবারের ৬৭ জন গ্রামবাসীকে রক্ষা করে এবং তারা অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেশরাজ বলেন, ‘এই কুকুরটির কারণেই আমরা আজ বেঁচে আছি। প্রকৃতপক্ষে ও আমাদের রক্ষা করেছে।’ সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০,০০০ টাকা সাহায্য প্রদান করেছে। প্রসঙ্গত, হিমাচল প্রদেশে বর্ষা তীব্র আকার ধারণ করেছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (SDMA) দেওয়া তথ্য অনুসারে, ২০ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭৮ জন মারা গিয়েছেন। যার মধ্যে ৫০ জন বৃষ্টিপাতজনিত দুর্যোগে প্রাণ হারিয়েছেন। ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে প্রাণহানি হয়েছে। ২৮ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
