নিউজ পোল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষিত বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির সাক্ষাৎ হতে চলেছে। মঙ্গলবার সকাল থেকেই শোনা যাচ্ছিল আজ সাক্ষাৎ হতে পারে শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের (Shamik-Dilip)। রাজ্য সভাপতির পদে বসার পরেই শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন দলই তাঁর কাছে আগে। এমনকি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির আদি নেতারা যে গুরুত্ব পাবে তা এক কথায় বুঝিয়ে দিয়েছিলেন। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দাপটে দল থেকে ক্রমেই ব্রাত্য হচ্ছিলেন দিলীপ ঘোষ। সম্প্রতি তাঁর দলবদলের জল্পনাও জোরাল হয়েছে। দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে যখন চর্চা তুঙ্গে তখনই মঙ্গলবার সল্টলেকে দিলীপকে আমন্ত্রণ জানান শমীক। সেই ডাকে সাড়া দিয়েই দীর্ঘ একবছর পর সল্টলেকে বিজেপির রাজ্যদপ্তরে যাচ্ছেন দিলীপ।
শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে যে সাড়া দিয়েছেন সেই ছবি দিলীপ ঘোষের প্রোফাইলেই স্পষ্ট হয়ে গিয়েছে। একটি পোস্টারের মাধ্যমে জানিয়েছেন মঙ্গলবার বিকেল ৪টেয় সল্টলেকে বিজেপির রাজ্যদপ্তরে নব নিযুক্ত রাজ্যসভাপতিকে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন তিনি। তাহলে কি এবার গলতে চলছে দিলীপ ঘোষ বিজেপির মধ্যে জমে থাকা অভিমানের বরফ? ইঙ্গিত দিয়েছিলেন আগেই। আজ দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ-এর পর বড় কোনও ভূমিকায় দেখা যাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে?

শমীকের রাজ্য সভাপতি হওয়ার অনুষ্ঠানে ডাক না-পেয়ে অভিমানী দিলীপ বলেছিলেন “আমন্ত্রণ পাইনি, তাই যায়নি।” সেখান থেকেই দিলীপের দলবদল নিয়ে জল্পনা বাড়ে। সত্যিই কি দল পরিবর্তন করবেন দিলীপ ঘোষ? এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে শমীক বলেছিলেন, ‘দিলীপ ঘোষ কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও বিক্রিযোগ্য পণ্য নয়। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না।’ শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের (Shamik-Dilip) সাক্ষাৎ ঘিরে মুখিয়ে রাজনৈতিক মহল।
