নিউজ পোল ব্যুরো: উচ্চশিক্ষার পাঠক্রমে এবার সাঁওতালি ভাষা। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে (Bankura University) চালু হল সাঁওতালি ভাষায় স্নাতক স্তরের পাঠদান। ভারতের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ উপজাতি ভাষা সাঁওতালিকে আরও বিস্তৃত করতে এবং সাঁওতাল জনগোষ্ঠীর শিক্ষার পথকে প্রসারিত করতেই এই উদ্যোগ।
জানা গিয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি ২০২২ অনুযায়ী চার বছরের অনার্স কোর্সে এবার পড়ানো হবে সাঁওতালি ভাষাতেই। এর আগে সাঁওতালি ভাষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পাঠদান থাকলেও, স্নাতক স্তরে মাতৃভাষায় শিক্ষা নেওয়ার সুযোগ ছিল না। ফলে পিছিয়ে পড়ছিলেন বহু সাঁওতাল শিক্ষার্থী। এবার সেই বাধা কাটিয়ে উচ্চশিক্ষায় প্রবেশের এক নতুন দিগন্ত খুলে দিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূগোল, দর্শন, গণিত, পদার্থবিদ্যার মতো নানা বিষয়ে এখন সাঁওতালি ভাষায় পাঠদান করা হবে (Bankura University)। ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রেও সাঁওতালি ভাষার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (Bankura University) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শাখার সচিব অরিন্দম চক্রবর্তীর সঙ্গে।শিক্ষাবিদদের মতে, সাঁওতাল জনগোষ্ঠীর দীর্ঘ আন্দোলন, সাংস্কৃতিক চর্চা ও গণতান্ত্রিক প্রয়াসের ফলেই এই ভাষাকে নতুন স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। উচ্চশিক্ষায় সাঁওতালি ভাষার অন্তর্ভুক্তি দেশের শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
