নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ভোটগণনা ঘিরে নতুন সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন। ভোট গণনার জন্য নির্ধারিত কেন্দ্রের সংখ্যা আরও কমানো হয়েছে। আগে যেখানে ৮৭টি গণনাকেন্দ্রের পরিকল্পনা ছিল, এখন তা কমিয়ে ৭৭ করা হয়েছে। এই পরিবর্তন ভোটগণনার মাত্র কয়েকদিন আগে হওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যের শাসকদল এই পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) রাজ্যে মোট ১০৮টি গণনাকেন্দ্র ছিল। চলতি নির্বাচনের আগে প্রথমে সেই সংখ্যা কমিয়ে ৮৭ করা হয়। এবার আরও ১০টি কেন্দ্র বাদ দিয়ে মোট গণনাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৭৭-এ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনা এই কেন্দ্রগুলিতেই সম্পন্ন হবে। প্রতিটি জেলার জন্য আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে গণনাকেন্দ্রের সংখ্যা ও ঠিকানা উল্লেখ রয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমানো হতে পারে। তাঁর বক্তব্য, প্রতিটি গণনাকেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও জানান, নিজেও একাধিক গণনাকেন্দ্র পরিদর্শনে যাবেন।
জেলা ভিত্তিক হিসেবে উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি বিধানসভা আসন (West Bengal Election 2026) রয়েছে। সেখানে ৩৩টি আসনের ভোট গণনার জন্য নির্ধারিত হয়েছে ৮টি কেন্দ্র। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের জন্য রাখা হয়েছে ৬টি গণনাকেন্দ্র। কলকাতার ১১টি বিধানসভা আসনের ভোট গণনা হবে ৫টি কেন্দ্রে। এছাড়া কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় নির্দিষ্ট সংখ্যক গণনাকেন্দ্র রাখা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, কম সংখ্যক কেন্দ্র হলেও নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রেখেই ভোটগণনা সম্পন্ন করা হবে। তবে ভোটের ফল ঘোষণার আগে এই পরিবর্তন রাজনৈতিক বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
