ছটপুজোর আগে বড় সিদ্ধান্ত প্রশাসনের! বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা কোথায়?

রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতার গঙ্গার ঘাটগুলিতে ছটপুজো ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাগবাজারের মায়ের ঘাট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশের পোর্ট ডিভিশন। নিরাপত্তার কারণে চলতি বছর ছটপুজোর জন্য বন্ধ রাখা হবে এই ঘাট। ফলে বিকল্প জায়গায় পুজোর আয়োজন করতে হবে ভক্তদের।

এই বছর পুলিশের তরফে বাগবাজারের মায়ের ঘাটের পরিবর্তে পুণ্যার্থীরা কাশী মিত্র ঘাট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কুমারটুলি ও চাপাতলা ঘাটেও ছটপুজোর আচার-অনুষ্ঠান পালনের পরামর্শ দেওয়া হয়েছে। পুজো কমিটি এবং ভক্তদের আগেভাগেই বিকল্প ঘাট বেছে নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, রবীন্দ্র সরোবর নিয়েও জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। ১৪ নভেম্বর দুপুর ২টো থেকে ১৬ নভেম্বর দুপুর ২টো পর্যন্ত সরোবরে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। বুধবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জলপথে কলকাতা ও হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাই ও পুর কমিশনার স্মিতা পাণ্ডে। ঘাটগুলিতে মহিলা ও পুরুষদের আলাদা চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, পর্যাপ্ত আলো, অস্থায়ী রাস্তা এবং জরুরি যোগাযোগ নম্বরের ব্যবস্থা করা হচ্ছে। ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই উদ্যোগ প্রশাসনের।