নিউজপোল ব্যুরো: সরকারি প্রকল্পের টাকা নিয়ে আর কোনও অনিয়ম বরদাস্ত নয়! আবাস যোজনার উপভোক্তাদের তালিকা ঘিরে এবার বড়সড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘর থেকে তাঁর ঘোষণা, সরকারি প্রকল্পের সুবিধা বেআইনিভাবে নিয়েছেন যাঁরা, তাঁদের টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, আবাস যোজনায় প্রায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নামে টাকা দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে আগের সরকারের কাজকর্ম নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে ছুটি আর প্রশাসনিক ঢিলেমির কারণে রাজ্যের কাজের গতি কমে গিয়েছিল। বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে এখন পশ্চিমবঙ্গ আবাস যোজনা হয়েছে। সরকার বদলের আগে দাবি করা হয়েছিল, পালাবদল হলে দ্বিতীয় কিস্তির টাকা আর মিলবে না। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি বলেই দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, যাঁদের বাড়ির কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, তাঁদের কাজ শেষ করাই সরকারের লক্ষ্য। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দুই কিস্তিতে ১৭ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তাকে সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রকল্পের টাকা নিয়ে কোনও রকম বেআইনি কাজের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নিয়ম ভেঙে টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরানোর নির্দেশও দিয়েছেন তিনি। এ দিনের বৈঠকে শুধু আবাস যোজনা নয়, বালির দাম নিয়েও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বালির দাম যাতে ১২০০ টাকার বেশি না হয়, সে বিষয়ে নজর রাখবে সরকার।
শুভেন্দু জানান, পঞ্চায়েত দফতরে নতুন করে নিয়োগ করা হবে। পঞ্চায়েত আইনে পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, কোনও জায়গায় পঞ্চায়েত প্রধান সহযোগিতা না করলে পঞ্চায়েত সচিব দায়িত্ব সামলাবেন। আবাস যোজনার টাকা বণ্টন থেকে পঞ্চায়েতের কাজকর্ম—একাধিক বিষয়ে এ দিনের সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
