‘আমার ফোনেই লুকিয়ে সব প্রমাণ!’ মোদিকে এক মঞ্চে আসার চ্যালেঞ্জ রাহুলের, ফোনে কীসের প্রমাণ লুকিয়ে আছে ?

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজনৈতিক লড়াই এবার কি বক্তৃতার মঞ্চ ছেড়ে সরাসরি মুখোমুখি বিতর্কের পথে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু চ্যালেঞ্জ নয়, তাঁর দাবি, প্রধানমন্ত্রী যদি তাঁর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন, তাহলে তাঁর রাজনৈতিক জীবনে বড়সড় ধাক্কা আসতে পারে। শুক্রবার কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিও ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

ভিডিওতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, মোদি তাঁর সঙ্গে বিতর্কে বসতে ভয় পান। তাঁর দাবি, এই বিতর্ক হলে দেশের মানুষ জানতে পারবেন আসলে কে দেশবিরোধী এবং কারা বিদেশি শক্তির প্রভাবের মধ্যে রয়েছেন। যদিও রাহুলের এই বক্তব্যের সমর্থনে স্বাধীনভাবে যাচাই করা কোনও প্রমাণ ওই ভিডিওতে সামনে আসেনি।এখানেই শেষ নয়। নিজের মোবাইল ফোনের দিকে ইঙ্গিত করে কংগ্রেস নেতা দাবি করেছেন, তাঁর কাছে এমন কিছু তথ্য রয়েছে, যা তিনি প্রকাশ্য বিতর্কে তুলে ধরতে চান। তাঁর কথায়, ফোনেই রয়েছে সেই প্রমাণ। এমনকী প্রধানমন্ত্রী তাঁর ফোনে আড়ি পাতেন বলেও অভিযোগ করেছেন রাহুল। তবে এই অভিযোগেরও কোনও স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি।

কেন সংসদের ভিতরে নয়, প্রকাশ্য মঞ্চে বিতর্কের দাবি করছেন তিনি? এই প্রশ্নের উত্তরে রাহুলের বক্তব্য, সংসদে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। কৃষি আইন, ভোট চুরি, এসআইআর, চিন, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের বই এবং এপস্টিন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা।রাহুল স্পষ্ট করেছেন, তিনি এমন কোনও বিতর্ক চান না যেখানে দু’পক্ষ শুধু নিজেদের বক্তব্য পেশ করেই দায়িত্ব শেষ করবে। বরং প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলবেন এবং তিনিও প্রধানমন্ত্রীর সামনে নিজের অভিযোগ রাখবেন, এমন মুখোমুখি আলোচনা চান তিনি।